পারিবারিক জীবন ও সন্তান-সন্ততি
পারিবারিক জীবন
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পারিবারিক জীবনের হুবহু নমুনা আমরা দেখতে পাই হযরত মরহুম পীর সাহেবের পারিবারিক জীবনে। মা-বাবা, স্ত্রী, ছেলে-মেয়ে, জামাই, পুত্রবধু, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন সবার হকই তিনি সুষ্ঠুভাবে আদায় করেছেন।
অনেকে মনে করেন ওলি আল্লাহদের জন্যে সংসারের সাথে সম্পর্ক শূন্য হওয়া শর্ত। কিন্তু ইসলাম বলছে লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোন সন্ন্যাসবৃত্তি নেই। বনে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার থেকে সংসারের মধ্যে অবস্থান করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা অনেক বেশি মর্তবাসম্পন্ন। প্রকৃত আল্লাহর ওলিতো তাঁরাই যাঁরা সুন্নত পালনের নিয়তে সংসারী হন, সেই সাথে মুহূর্তের জন্যেও আল্লাহর স্মরণ থেকে গাফেল হন না। হুক্কুল্লাহর সাথে সাথে সমস্ত হক্কুল এবাদ যথাযথভাবে আদায় করে থাকেন। এ শ্রেণীর আল্লাহর ওলির এক জলন্ত উদাহরণ ফুরফুরার পীর সাহেব (রহ.)।
১৯৬৫ সনে মরহুম পীর সাহেব হুজুর (রহ.)-এর সাথে মোসাম্মৎ সাইয়েদা খাতুন ওরফে নাহার বেগম-এর বিবাহ সম্পন্ন হয়। মোসাম্মৎ সাইয়েদা খাতুন ওরফে নাহার বেগম অতিথি সেবা, ধৈর্য, ইবাদত বন্দেগী, তাকওয়া-পরহেজগারি, পর্দা-পুশিদার দিক দিয়ে নারী সমাজের শ্রদ্ধার পাত্রী। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্ডিতলা থানার অন্তর্গত বাঁদপুর গ্রামের আলহাজ্ব খোন্দকার মোহাম্মদ আব্দুল কাইউম সাহেব ও মোসাম্মৎ জীবন্নেসা ওরফে বশিরা খাতুন-এর দ্বিতীয়া কন্যা।
সন্তান সন্ততি
মরহুম পীর সাহেব (রহ.) পারিবারিক জীবনে তিন পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক। প্রথম চার কন্যার পর দুই পুত্র, তারপর পঞ্চম কন্যা ও সবশেষে তৃতীয় পুত্র জন্মগ্রহণ করেন।
প্রথম পুত্র : মুহতারাম হযরত মাওলানা আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। ফুরফুরার বর্তমান গদ্দিনশীন পীর। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
দ্বিতীয় পুত্র : মুহতারাম আবুল আরাফাত মুহাম্মদ মোস্তফা মাদানী সিদ্দিকী। উচ্চতর দ্বীনি শিক্ষাগ্রহণের জন্য এখনও পড়াশুনা করছেন। মরহুম পীর সাহেব হুজুর (রহ.)-এর প্রতিষ্ঠিত সিদ্দিকীয়া মিডিয়া সেন্টার পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন।তিনি বিবাহিত।
তৃতীয় পুত্র : মুহতারাম ফতেহ আলী মুহাম্মদ আয়াতুল্লাহ্ সিদ্দিকী। উচ্চতর দ্বীনি শিক্ষা গ্রহণের জন্য এখনও পড়াশুনা করছেন। বর্তমান গদ্দীনশীন পীর সাহেব হুজুরের সাথে বিভিন্ন মাহফিলে ওয়াজ ও দাওয়াতের কাজে নিয়োজিত আছেন। মরহুম পীর সাহেব হুজুর (রহ.)-এর প্রতিষ্ঠিত বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের পরামর্শক হিসাবে কাজ করছেন। মরহুম হুজুর (রহ.) বলতেন, আয়াতুল্লাহ্ হবে আমার মতো। এখনও অবিবাহিত আছেন।
প্রথম কন্যা : মুহতারামা উম্মে আয়েশা সিদ্দিকা মোসাম্মৎ শবনব। সবার বড়। জামাতা ছারছীনার বর্তমান পীর শাহ্ মোঃ মুহেবুল্লাহ। দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জননী।
দ্বিতীয় কন্যা : মুহতারামা উম্মে আসলাম লতিফা খানম তাবাস্সুম। জামাতা মুহতারাম ডা: আব্দুল করীম সাহেব সৌদি আরব প্রবাসী। তিন পুত্র ও এক কন্যা সন্তানের জননী।
তৃতীয় কন্যা : মুহতারামা ফাতেমা আবুল আনসার আফসানা। জামাতা মুহতারাম ড. খোন্দকার আদুল্লাহ জাহাঙ্গীর সাহেব কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বহুগ্রন্থের লেখক, প্রখ্যাত ওয়ায়েজ ও বক্তা। তিন কন্যা ও এক পুত্র সন্তানের জননী।
চতুর্থ কন্যা : মুহতারামা ইয়াকুতুন নিসা। জামাতা মুহতারাম আবু ইব্রাহীম একজন পরহেজগার ব্যবসায়ী। চার পুত্র সন্তানের জননী।
পঞ্চম কন্যা : মুহতারামা খিয়াম সিদ্দিকা। জামাতা মুহতারাম মাওলানা কাওছার মোঃ বাকী বিল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী।