প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৯ম সংখ্যা, মার্চ ২০১৬, জমা.আউ-জমা.সানী ১৪৩৭ হিজরী, ফাল্গুন-চৈত্র ১৪২২ বঙ্গাব্দ’ সংখ্যায়

১. আল্লামা ইমাম নববী (রঃ) বলেন : হিংসা অর্থ হলো, কোন ব্যক্তিকে যে অনুগ্রহ দান করা হয়েছে তা ধ্বংস কামনা করা। তা দুনিয়ার অনুগ্রহ হতে পারে কিংবা দ্বীনের অনুগ্রহ হতে পারে। মহান আল্লাহ্র বাণী : তবে কি তারা অন্যান্য মানবদের প্রতি শুধু এ জন্যই হিংসা পোষণ করে, আল্লাহ্ তাদেরকে বিশেষ অনুগ্রহ প্রদান করেছেন। (সূরা নিসা : ৫৪) (রিয়াদুস সালেহীন)

২. হিংসা-বিদ্বেষ অসচ্চরিত্রের দোষ এবং মানবতার জন্য একটি মারাত্মক ক্ষতিকর বিষয়। হীন মানসিকতা, সম্পদের মোহ, পদমর্যাদার লোভ থেকেই হিংসা-বিদ্বেষের জন্ম হয়। হিংসুটে ব্যক্তি কাউকে কোনো নিয়ামতে অভিসিক্ত দেখলে অন্তর জ্বালা অনুভব করে। অন্যের সুখ-শান্তি, সম্পদ বিনষ্ট করে নিজে এর মালিক হওয়ার কামনা ও বাসনা করাকে হিংসা বলা হয়। ইসলামী শরীয়াতে এ ধরনের হিংসা হারাম। ব্যক্তির চরিত্র গঠনে হিংসা-বিদ্বেষ বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে মানুষে মানুষে ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এবং বিপর্যয় দেখা দেয়।

৩. হিংসার কারণ বহুবিধ। যেমন : শত্রুতা, অহংকার, পরশ্রীকাতরতা, নিজের অসদুদ্দেশ্য নষ্ট হওয়ার আশংকা, নেতৃত্বের লোভ, অনুগত লোকদের যোগ্যতাসম্পন্ন হয়ে যাওয়া এবং কোন সুযোগ-সুবিধা হাসিল হওয়া, ব্যক্তি বা গোীর নীচুতা বা কার্পণ্য ইত্যাদি। এ সকল কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা করে থাকে।

৪. হযরত আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমরা হিংসা হতে দূরে থেক। কেননা হিংসা মানবের উত্তম গুণসমূহকে এমনিভাবে নিশ্চিহ্ন করে দেয়, যেমনিভাবে আগুন শুকনা কাঠ জ্বালিয়ে ফেলে। অথবা তিনি (নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাঠের বদলে শুকনো ঘাসের কথা বলেছিলেন। (আবূ দাউদ)

৫. কোনো কিছু নিয়ে হিংসা করতে নেই। জীবন তো আল্লাহ্র দান, শারীরিক সৌন্দর্য, চারিত্রিক মাধুর্য, ধন-সম্পদ, ইজ্জত-সম্মান, প্রভাব-প্রতিপত্তি সব কিছুই মহান আল্লাহ্র দেয়া নিয়ামত। এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নিজের যা কিছু আছে তা নিয়েই খুশী থাকতে হবে। অপরের দিকে তাকিয়ে হিংসার আগুনে জ্বলে-পুড়ে লাভ কি?

৬. আল কুরআনুল কারীমে যেসব বস্তু থেকে মহান আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করার তাকিদ রয়েছে, তন্মধ্যে হিংসা একটি। ইরশাদ হয়েছে :

وَ مِنْ شَرِّ حَا سِدٍ اِذَا حَسَدَ

এবং (আমি আশ্রয় প্রার্থনা করছি) অনিষ্ট থেকে হিংসুকের যখন সে হিংসা করে। (সূরা আল ফালাক : ০৫)