প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৭ম সংখ্যা, জানুয়ারী ২০১৬, রবি আউঃ-রবি সানি ১৪৩৭ হিজরী, পৌষ-মাঘ ১৪২২ বঙ্গাব্দ’ সংখ্যায়

আব্দুল্লাহ নাম। কুনিয়াত বা উপনামের ব্যাপারে মতভেদ আছে। যথা আবু মুহাম্মদ, আবু রাওয়াহা অথবা আবু আমর। শায়রু রাসুলিল্লাহ-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি তার উপাধি। মদীনার খাযরাজ গোত্রের বনী আল-হারিস শাখার সন্তান। পিতা রাওয়াহা ইবন সালাবা এবং মাতা কাবশা বিনতু ওয়াকিদ। সাহাবিয়্যা আমরাহ বিনতু রাওয়াহা তার বোন এবং কবি সাহাবী নুমান ইবন বাশীর তার ভাগ্নে। ইতিহাসে তার জন্মের সময়কাল সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় না। তিনি জাহিলী ও ইসলামী উভয় জীবনে অতি মর্যাদাবান ব্যক্তি ছিলেন। (তাবাকাত-৩/৫২৫, আল-আলাম-৪/২১৭, তাহজীবুল আসমা ওয়ালুগাত-১/২৬৫)
তিনি তৃতীয় আকাবায় সত্তর জন (৭০) মদীনাবাসীর সাথে অংশগ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করেন এবং সাদ ইবনুর রাবীর সাথে তিনিও বনু আল-হারিসার নাকীব (দায়িত্বশীল) মনোনীত হন। (সীরাতু ইবন হিশাম-১/৪৪৩, ৪৫৮, তাবাকাত-৩/৫২৬, আনসাবুল আশরাফ-১/২৫২, তারীখুল ইসলাম ও তাবাকাতুল মাশাহীর-১/১৮১) তবে সম্ভবতঃ তিনি এই তৃতীয় আকাবায় ছয়জনের সাথে ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বাইয়াত করেন। (হায়াতুস সাহাবা-১/১০৫)
ইসলাম গ্রহণের পর মদীনায় ইসলামের তাবলীগ ও দাওয়াতের কাজে আত্মনিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরাত করে কুবায় উপস্থিত হলেন। তিনি যে দিন কুবা থেকে সর্বপ্রথম মদীনায় পদার্পণ করেন, সেদিন আবদুল্লাহ ইবন রাওয়াহা, সাদ ইবনুর রাবী ও খারিজা ইবন যায়িদ তাদের গোত্র বনু আল-হারিসার লোকদের সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনীর পথরোধ করে দাঁড়ান এবং তাকে তাদের গোত্রে অবতরণের বিনীত আবেদন জানান। হযরত রাসূলে কালীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, উটনীর পথ ছেড়ে দাও। সে আল্লাহর নির্দেশমত চলছে, আল্লাহর যেখানে ইচ্ছা সেখানেই থামবে। তারা পথ ছড়ে দেন। (সীরাতু ইবন হিশাম-১/৪৯৫) হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবন আসওয়াদ আল-কিন্দীর সাথে তার ভ্রাতৃসম্পর্ক প্রতিষ্ঠা করে দেন।
বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, ধাইবার, উমরাতুল কাদা-প্রত্যেকটি অভিযানে তিনি অংশগ্রহণ করেন। কেবল হিজরী চতুর্থ সনে সংগঠিত বদর আস-সুগরা অভিযানে যোগদান করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদীনায় স্বীয় স্থলাভিষিক্ত করে যান। (তাবাকাত-৩/৫২৬, সীরাতু ইবন হিশাম-১/৪৫৮) উল্লেখ্য যে, উহুদ থেকে প্রত্যাবর্তনের সময় কুরাইশ নেতা আবু সুফইয়ান ইবন হারব ঘোষণা দেয় যে, এখন থেকে ঠিক এক বছরের মাথায় বদর আস-সুগরা তে আবার তোমাদের মুখোমুখি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা এ চ্যালেঞ্জ গ্রহণ করে যথাসময়ে সেখানে উপস্থিত হন। কিন্তু কুরাইশরা অঙ্গীকার পালনে ব্যর্থ হয়। এই বদর আস-সুগরা তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীসহ আট দিন অপেক্ষা করেন। এটা হিজরী চতুর্থ সনের জ্বিলকাদ মাসের ঘটনা। (আনসাবুল আশরাফ-১/৩৩৯-৩৪০)
বদর যুদ্ধের সূচনা পর্বে কুরাইশ পক্ষের বাহাদুর উতবা ইবন রাবীয়া তার ভাই শাইবা ইবন রাবীয়া ও ছেলে আল-ওয়ালীদ ইবন উতবাকে সঙ্গে করে প্রতিপক্ষ মুসলিম বাহিনীকে দ্বন্দ্ব যুদ্ধের আহবান জানায়। তার আহবানে সাড়া দিয়ে মুসলিম বাহিনীর মধ্য থেকে আটক, মুয়াওয়াজ ও আবদুল্লাহ ইবন রাওয়াহা সর্বপ্রথম এগিয়ে যান। উতবা তাদের জিজ্ঞেস করেঃ তোমরা কারা? তারা জবাব দেনঃ আনসারদের একটি দল। উতবা বলল, তোমাদের সাথে আমরা লড়তে চাইনা। (সীরাতু ইবন হিশাম-১/৬২৫)
বদরের বিজয় বার্তা দিয়ে হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার চতুর্দিকে লোক পাঠান। তিনি আবদুল্লাহ ইবন রাওয়াহাকে পাঠান মদীনার উঁচু অঞ্চলের দিকে। (সীরাতু ইবন হিশাম-১/৬৪২)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুুদ্ধের পর মুসলমানদের হাতে বন্দী কুরাইশদের সম্পর্কে সাহাবীদের মতামত জানতে চান। তাদের সম্পর্কে নানাজন নানা মত প্রকাশ করেন। আবদুল্লাহ ইবন রাওয়াহা বলেন ঃ ইয়া রাসূলুল্লাহ প্রচুর জ্বালানি কাঠে পরিপূর্ণ একটি উপত্যকায় তাদেরকে জড় করে তার মধ্যে ফেলে দেওয়া হোক। তারপর আমিই সেই কাঠে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরে ফেলবো। (হায়াতুস সাহাবা-২/৪২)
খন্দক যুদ্ধের সময় হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবন রাওয়াহার রচিত কবিতা বার বার আবৃত্তি করেছিলেন। তার কিছু অংশ নিম্নরূপঃ
হে আল্লাহ, তোমার সাহায্য না হলে আমরা হিদায়াত পেতাম না, আমরা যাকাত দিতাম না, সালাত আদায় করতাম না। তুমি আমাদের ওপর প্রশান্তি নাযিল কর, যুদ্ধে আমাদেরকে অটল রাখ।
যারা আমাদের ওপর জুলুম করেছে, তারা বিপর্যয় সৃষ্টি করলে, আমরা অস্বীকার করবো! (সীয়ারেআনসার-২/৫৯)
এই খন্দক যুদ্ধের সময় মদীনার ইহুদী গোত্র বনু কুরাইজার নেতা কাব ইবন আসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পাদিত তাদের চুক্তি ভঙ্গ করে গোপন ষড়যন্ত্রে মেতে ওঠে। খবরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে। তিনি খবরের সত্যতা যাচাইয়ের জন্য কয়েকজন লোককে কাবের নিকট পাঠান। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবন রাওয়াহাও ছিলেন। (সীরাতু ইবন হিশাম-২/২২১, আসাহ আস-সীয়ার-১৯০)
খন্দক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিযা বা অলৌকিক কর্মকাণ্ডের কথা সীরাত গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে। আর তার সাথে আবদুল্লাহ ইবন রাওয়াহার নামটি উচ্চারিত হয়েছে। ঘটনাটি সংক্ষেপে এইরূপ:
আবদুল্লাহ ইবন রাওয়াহার ভাগ্নী তথা নুমান ইবন বাশীরের বোন বলেন ঃ একদিন আমার মা উমরাহ বিনতু রাওয়াহা আমাকে ডেকে আমার কাপড়ে কিছু খেজুর বেঁধে দিয়ে বললেনঃ এগুলি তোমার বাবা বাশীর ও মামা আবদুল্লাহ ইবন রাওয়াহাকে দিয়ে এস, তারা দুপুরে খাবেন। আমি সেগুলি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছি, আর আমার বাবা ও মামাকে খোঁজ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে ডাক দিলেনঃ এই মেয়ে, এদিকে এস। তোমার কাছে কি? বললামঃ খেজুর। আমার মা আমার বাবা বাশীর ইবন সাদ ও মামা আবদুল্লাহর দুপুরের খাবারের জন্য পাঠিয়েছেন। বললেন ঃ আমার কাছে দাও। আমি খেজুরগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতে ঢেলে দিলাম, কিন্তু হাত ভরলো না। তিনি কাপড় বিছাতে বললেন এবং খেজুরগুলি কাপড়ের ওপর ছড়িয়ে দিলেন; তারপর পাশের লোকটিকে বললেন ঃ যাও, খন্দকবাসীদের দুপুরের খাবার খেয়ে যেতে বল। ঘোষণার পর, সবাই চলে এল এবং খাবার খেতে শুরু করল। তারা খাচ্ছে, আর খেজুরও বাড়ছে। তারা পেট ভরে খেয়ে চলে গেল, আর তখনও কাপড়ের ওপর কিছু খেজুর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। (সীরাতু ইবন হিশাম-২/১১৮, হায়াতুস সাহাবা-৩/৬৩১)
ষষ্ঠ হিজরীতে হুদাইবিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ানেও আবদুল্লাহ যোগদান করেন।
আবু রাফের পরে উসাইর ইবন রাযিম ইহুদীকে খাইবারের শাসক নিয়োগ করা হয়েছিল। ইসলামের শত্রতায় সে ছিল উপযুক্ত উত্তরাধিকারী। সে গাতফান গোত্রে ঘুরাঘুরি করে তাদেরকে বিদ্রোহী করে তোলে। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে ষষ্ঠ হিজরীর রমদান মাসে তিরিশ সদস্যের একটি দলের সাথে আবদুল্লাহকে খাইবারে পাঠান। তিনি গোপনে উসাইর ইবন রাযিমের সকল তথ্য সংগ্রহ করে রাসূলুল্লাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরিশ সদস্যের একটি বাহিনী আবদুল্লাহর অধীনে ন্যস্ত করে উসাইরকে হত্যার নির্দেশ দেন। (আনসাবুল আশরাফ-১/৩৭৮)
আবদুল্লাহ ইবনে রাওয়াহা উসাইরের সাথে দেখা করে বলেন, যদি আপনি নিরাপত্তার আশ্বাস দেন তাহলে একটি কথা বলি। সে আশ্বাস দিল। আব্দুল্লাহ বললেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। আপনাকে খাইবারের নেতা বানানো তার ইচ্ছা। তবে আপনাকে একবার মীনায় যেতে হবে। সে প্রলোভনে পড়ে এবং তিরিশজন ইহুদীকে সঙ্গে করে আবদুল্লাহর বাহিনীর সাথে চলতে শরু করলো। পথে আবদুল্লাহ প্রত্যেক ইহুদীর প্রতি নজর রাখার জন্য একজন করে মুসলমান নির্দিষ্ট করে দিলেন। এতে উসাইরের মনে সন্দেহের উদ্রেক হল এবং ফিরে যাওয়ার চেষ্টা করলো। ধোঁকা ও প্রতারণার অপরাধে মুসলিম মুজাহিদরা খুব দ্রুত আক্রমণ চালিয়ে তাদের সকলকে হত্যা করেন। এই ঘটনার পর খাইবারের মাথাচাড়া দেওয়া বিদ্রোহ দমিত হয়। (সীরাতু ইবন হিশাম-২/৬১৮, সয়িারে আনসার-২/৬০)
পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহকে খাইবারের উৎপাদিত খেজুর পরিমাপকারী হিসাবে আবারও সেখানে পাঠান। কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবদুল্লাহর কঠোরতার বিরুদ্ধে অভিযোগ আনলো। এক পর্যায়ে তারা ঘুষও দিতে চাইল। ইবন রাওয়াহা তাদেরকে বললেনঃ ওহে আল্লাহর দুশমনরা। তোমরা আমাকে হারাম খাওয়াতে চাও? আমার প্রিয় ব্যক্তির পক্ষ থেকে আমি এসেছি। আমার নিকট তোমরা বানর ও শুকর থেকেও ঘৃণিত। তোমাদের প্রতি ঘৃণা এবং তার প্রতি ভালোবাসা তোমাদের ওপর কোন রকম জুলুমের দিকে নিয়ে যাবে না। একথা শুনে তারা বললঃ এমন ন্যায়পরায়ণতার ওপরই আসমান ও যমীন প্রতিষ্ঠিত। (হায়াতুস সাহাবা-২/১০৮, আল বিদায়া-৪/১৯৯)
হুদাইবিয়ার সন্ধি অনুযায়ী সে বছরের মূলতবী উমরাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর হিজরী সপ্তম সনে আদায় করেন। একে উমরাতুল কাদা বা কাজা উমরা বলে। এই সফরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন এবং উটের পিঠে বসে হাজারে আসাওয়াদ চুম্বন করেন তখন আবদুল্লাহ তার বাহনের লাগাম ধরে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেছিলেন। কবিতাটির কিছু অংশের মর্ম নিম্নরূপ
ওরে কাফিরের সন্তানরা! তোরা তার পথ থেকে সরে যা, তোরা পথ ছেড়ে দে! কারণ, সকল সৎকাজ তো তারই সাথে। আমরা তোদের মেরেছি কুরআনের ব্যাখ্যার ওপর, যেমন মেরেছি তার নাযিলের ওপর। এমন মার দিয়েছি যে, তোদের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধু ভুলে ফেলে গেছে তার বন্ধুকে। প্রভু আমি তার কথার ওপর ঈমান এনেছি। (তাবাকাত-৩/৫২৬-৫২৭, আলইসাবা-২/৩০৭)
এক সময় হযরত উমার (রা:) ধমক দিয়ে বলেনঃ আল্লাহর হারামে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে কবিতা পাঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বলেনঃ উমার! আমি তার কথা শুনছি। আল্লাহর কসম। কাফিরদের ওপর তার কথা তীর বর্শার চেয়েও বেশি ক্রিয়াশীল। (আল-ইসাবা-২/৩০৭) তিনি আবদুল্লাহকে বলেন তুমি এভাবে বল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, নাসারা আবদাহ ওয়া আযায্যা জুনদাহ, ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহ-এক আল্লাহ ছাড়া কোন উলাহ নেই। তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, তার সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন এবং একাই প্রতিপক্ষের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছেন।
আবদুল্লাহ ইবন রাওয়াহা উপরোক্ত বাক্যগুলি আবৃত্তি করছিলেন, আর তার সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করছিলেন সমবেত মুসলিম জনমণ্ডলী। তখন মক্কার উপত্যকাসমূহে সেই ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরছিল। (সীয়ারে আনসার-২/৬১)
হিজরী অষ্টম সনের জামাদি-উল-আওয়াল মাসে মুতার যুদ্ধ সংঘটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার শাসকের নিকট দূত মারফত একটি চিঠি পাঠান। পথে মুতা নামক স্থানে এক গাসসানী ব্যক্তির হাতে দূত নিহত হয়। দূতের হত্যা মূলতঃ যুদ্ধ ঘোষণার ইঙ্গিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে যায়িদ ইবন হারিসার নেতৃত্বে তিন হাজার সৈন্যের একটি বাহিনী মুতায় পাঠান। যাত্রার প্রাক্কালে হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যায়িদ হবে এ বাহিনীর প্রধান। সে নিহত হলে জাফর ইবন আবী তালিব তার স্থলাভিষিক্ত হবে। জাফরের পর হবে আবদুল্লাহ ইবন রাওয়াহা। আর সেও যদি নিহত হয় তাহলে মুসলমানরা আলোচনার মাধ্যমে নিজেদের আমীর বানিয়ে নেবে।
বাহিনী মদীনা থেকে যাত্রার সময় হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানিয়্যাতুল বিদা পর্যন্ত অগ্রসর হয়ে তাদের বিদায় জানান। বিদায় বেলা মদীনাবাসীরা তাদেরকে বলল ঃ তোমরা নিরাপদে থাক এবং কামিয়াব হয়ে ফিরে এসো। আবদুল্লাহ ইবন রাওয়াহা কাঁদতে লাগলেন। লোকেরা বলল ঃ কাঁদার কী আছে? তিনি বললেন, দুনিয়ার মুহাব্বতে আমি কাঁদছিনা। তিনি সূরা মারইয়াম এর ৭১ নং আয়াত-তোমাদের প্রত্যেককেই তা (পুলসিরাত) অতিক্রম করতে হবে। এটা তোমার রব-এর অনিবার্য সিদ্ধান্ত-পাঠ করেন। তারপর তিনি বলেন, আমি কি সেই পুলসিরাত পার হতে পারবো? লোকরা তাকে সান্ত্বনা দিয়ে বললঃ আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার মিলিত করবেন। তখন তিনি স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন। কবিতাটির অর্থ নিম্নরূপ: তবে আমি রহমানের কাছে মাগফিরাত কামনা করি, আর কামনা করি অসির অন্তরেভদী একটি আঘাত, অথবা কলিজা ও নাড়িতে পৌঁছে যায় নিযার এমন একটি খোঁচা, আমার কবরের পাশ দিয়ে অতিক্রমকালী যেন বলে-হায় আল্লাহ, সে কত ভালো যোদ্ধা ও গাজী ছিল। (সীরাতু ইবন হিশাম-২/৭৪, ৩৭৩ হায়াতুস সাহাবা-১/৫২৯, ৫৩০)
কোন কোন বর্ণনায় এসেছে, যায়িদ ও জাফর বাহিনীসহ সকালে মদীনা ত্যাগ করলেন। ঘটনাক্রমে সেটা ছিল জুময়ার দিন। আবদুল্লাহ বললেন ঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে জুময়ার নামায আদায় করে রওয়ানা হব। তিনি নামায আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষে তাকে দেখে বললেন ঃ সকালে তোমার সংগীদের সাথে যাওনি কেন? আবদুল্লাহ বললেন, আমি ইচ্ছা করেছি, আপনার সাথে জুময়া আদায় করে তাদের সাথে মিলিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুনিয়ার সবকিছু খরচ কর তবুও তাদের সকালে যাত্রার সাওয়াবের সমকক্ষতা অর্জন করতে পারবে না। (হারাতুস সাহাবা-১/৪৬৩)
মদীনা থেকে শামের মায়ান নামক স্থানে পৌঁছে তারা জানতে পারেন যে, রোমান সম্রাট হিরাকল এক লাখ রোমান সৈন্যসহ বালকার মাব নামক স্থানে অবস্থান নিয়েছে। আর তাদের সাথে যোগ দিয়েছে লাখম, জুমাম, কায়ন, বাহরা, বালী-সহ বিভিন্ন গোত্রের আরও এক লাখ লোক। এ খবর পেয়ে তারা মায়ানে দুই দিন ধরে চিন্তা-ভাবনা ও পরামর্শ করেন। মুসলিম সৈনিকদের কেউ কেউ মত প্রকাশ করে যে, আমরা শত্রপক্ষের সৈন্যসংখ্যা ও প্রস্তুতির সব খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করি। তারপর তিনি আমাদেরকে অতিরিক্ত সৈন্য দিয়ে সাহায্য করবেন অথবা অন্য কোন নির্দেশ দেবেন এবং আমরা সেই মোতাবিক কাজ করব।
আবদুল্লাহ ইবন রাওয়াহা তখন সৈনিকদের উদ্দেশ্যে এক জ্বালাময়ী ভাষণ দেন। তিনি বলেন, ওহে জনমণ্ডলী, এখন তোমরা শত্রর মুখোমুখি হতে পছন্দ করছো না; অথচ তোমার সবাই শাহাদাত লাভের উদ্দেশ্যে বের হয়েছো। আমরা তো শতুর সাথে সংখ্যা, শক্তি ও আধিক্যের দ্বারা লড়বো না। আমরা লড়বো দ্বীনের বলে বলীয়ান হয়ে- যে দ্বীনের দ্বারা আল্লাহু তায়ালা আমাদেরকে সম্মানিত করেছেন। তোমরা সামনে ঝাঁপিয়ে পড়। তোমাদের সামনে আছে দুইটি কল্যাণের যে কোন একটি-হয় বিজয়ী হবে নতুবা শাহাদাত লাভ করবে। সৈনিকরা তার কথায় সায় দিয়ে বলল ঃ আল্লাহর কসম! ইবন রাওয়াহা ঠিক কথাই বলেছেন। তারা তাদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে অগ্রসর হন। আবদুল্লাহ ইবন রাাওয়াহাও একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে তাদের সাথে চলেন। (সীরাতু ইবন হিশাম-২/৩৭৫ আসাহ আস-সীয়ার-২৮০)
তারা মায়ান ত্যাগ করে মুতায় পৌঁছে শিবির স্থাপন করেন। এখানে অমুসলিমদের সাথে এক রক্তক্ষয়ী অসম যুদ্ধ হয়। ইতিহাসে এই যুদ্ধ মুতার যুদ্ধ নামে খ্যাত। মুসলিম বাহিনীর সংখ্যা মাত্র তিন হাজার আর শত্রবাহিনীল সংখ্যা অগণিত। (সীয়ারে আনসার-২/৬২)
প্রচণ্ড যুদ্ধ শুরু হল। সেনাপতি যায়িদ ইবন হারিসা যুদ্ধক্ষেত্রে শহীদ হলেন। জাফর তার পতাকাটি তুলে নিলেন। কিছুক্ষণ পর তিনিও শাহাদাত বরণ করলেন। এবার আবদুল্লাহ ইবন রাওয়াহা ঝাণ্ডা হাতে তুলে নিয়ে সামনে অগ্রসর হলেন। তিনি ছিলেন ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠ থেকে নামার মুহূর্তে তার মনে একটু দ্বিধার ভাব দেখা দিল। তিনি সব দ্বিধা ঝেড়ে ফেলে দিয়ে আপন মনে একটি কবিতা আবৃত্তি করতে লাগলেন। তার কিছু অংশ নিম্নরূপ ঃ
হে আমার প্রাণ! আমি কসম করেছি, তুমি অবশ্যই নামবে, তুমি স্বেচ্ছায় নামবে অথবা নামতে বাধ্য করা হবে। মানুষের চিৎকার ও ক্রন্দন ধ্বনি উত্থিত হচ্ছে, তোমার কী হয়েছে যে, এখনও জান্নাতকে অবজ্ঞা করছো? সেই কত দিন থেকে না এই জান্নাতের প্রত্যাশা করে আসছো, পুরানো ফুটো মশকের এক বিন্দু পানি ছাড়া তো তুমি আর কিছু নও। হে আমার প্রাণ, আজ তুমি নিহত না হলেও একদিন তুমি মরবে, এই মৃত্যুর হাম্মাম এখানে উত্তপ্ত করা হচ্ছে। তুমি যা কামনা করতে এখন তোমাকে তাই দেওয়া হয়েছে, তুমি তোমার সঙ্গীদ্বয়ের কর্মপন্থা অনুসরণ করলে হিদায়াত পাবে
উপরোক্ত কবিতাটি আবৃত্তি করতে করতে তিনি ঘোড়া থেকে নেমে পড়েন। তখন তার এক চাচাতো ভাই গোশতসহ একটুকরো হাড় নিয়ে এসে তার হাতে দেন। তিনি সেটা হাতে নিয়ে যেই না একটু চাটা দিয়েছেন, টিক তখনই প্রচণ্ড যুদ্ধের শোরগোল ভেসে এলো। তুমি এখনও বেঁচে আছ- এ কথা বলে হাতের হাড়টি ছুড়ে ফেলে দিয়ে তরবারি হাতে তুলে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শত্রপক্ষের এক সৈনিক এতো জোরে তীর নিক্ষেপ করে যে, মুসলিম বাহিনীর মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। একটি তীর তার দেহে বিদ্ধ হয়। তিনি রক্তরঞ্জিত অবস্থায় সাথীদের আহবান জানান। সাথীরা ছুটে এসে তাকে ঘিরে ফেলে এবং শত্র বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। ইতিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। (তাবাকাত-৩/৫২৯, সীরাতু ইবন হিশাম-২/৩৭৯, হায়াতুস সাহাবা-১/৫৩৩, সীয়ারে আনসার-২/৬৩, আনাবুল আশরাফ-১/৩৮০, ২৪৪)
মুতায় অবস্থানকালে শাহাদাতের পূর্বে একদিন রাতে তিনি একটি মর্মস্পশী কবিতা আবৃত্তি করছিলেন। আবৃত্তি শুনে যায়িদ ইবন আরকাম কাঁদতে শুরু করেন। তিনি যায়িদের মাথার ওপর দুররা উঁচু করে ধরে বলেনঃ তোমার কী হয়েছে? আল্লাহ আমাকে শাহাদত দান করলে তোমরা নিশ্চিন্তে ঘরে ফিরে যাবে। (আল-ইসাবা-২/৩০৭)
হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে মুতার প্রতি মুহূর্তের খবর লাভ করে মদীনায় উপস্থিত লোকদের সামনে বর্ণনা করছিলেন। সহীহ বুখারীতে আনাস (রা:) থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, মুতার খবর আসার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় যায়িদ, জাফর ও আব্দুল্লাহর শাহাদাতের খবর দান করেন। তিনি বলেনঃ যায়িদ ঝাণ্ডা হাতে নেয় এবং শহীদ হয়। তারপর জাফর তুলে নেয়, সেও শহীদ হয়। অন্তঃপর আবদুল্লাহ তুলে নেয় এবং সেও শহীদ হয়। তিনি একথা বলছিলেন আর তার দুই চোখ থেকে অশ্র গড়িয়ে পড়ছিল। (আসাহ আস-সীয়ার-২৮১) কোন কোন বর্ণনায় এসেছে, যায়িদ ও জাফরের শাহাদাতের খবর দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকেন। এতে আনসারদের চেহারা বিবর্ণ হয়ে যায়। তারা ধারণা করে যে, আবদুল্লাহর এমন কিছু ঘটেছে যা তাদের মনঃপূত নয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ
অতঃপর আবদুল্লাহ ইবন রাওয়াহা পতাকা উঠিয়ে নেয় এবং যুদ্ধ করে শহীদ হয়। তিনি আরও বলেন, তাদের সকলকে জান্নাতে আমার কাছে আনা হয়েছে। আমি দেখলাম, তারা সোনার পালঙ্কে শুয়ে আছে। তবে আবদুল্লাহর পালঙ্কটি তার অন্য দুই সঙ্গীর থেকে একটু বাঁকা। আমি জিজ্ঞেস করলাম ঃ এটা এমন কেন? বলা হলঃ তারা দুইজন দ্বিধাহীন চিত্তে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আবদুল্লাহর চিত্ত দ্বিধা-সংকোচে একটি দোল খায়। তারপর সে ঝাঁপিয়ে পড়ে। (সীরাতু ইবন হিশমা-২/৩৮০)
মুতার তিন সেনাপতির মৃত্যুর খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলে তিনি উঠে দাঁড়ান এবং তাদের কর্মকাণ্ড বর্ণনা করে এই বলে দুআ করেনঃ আল্লাহ তুমি যায়িদকে ক্ষমা করে দাও। একথা তিনবার বলেন, তারপর বলেন ঃ আল্লাহ তুমি জাফর ও আবদুল্লাহ ইবন রাওয়াহাকে ক্ষমা করে দাও। (হায়াতুস সাহাবা-৩/৩৪৪)
মুতায় যাওয়ার পূর্বে একবার মদীনায় অসুস্থ অবস্থায় অচেতন হয়ে পড়েন। তখন তার বোন উমরাহ নানাভাবে ইনিয়ে বিনিয়ে আরবদের প্রথা অনুযায়ী বিলাপ শুরু করেন। চেতনা ফিরে পেয়ে তিনি বোনকে বলেন, তুমি আমার সম্পর্কে অতিরঞ্জন করে কিছু বলছিলে, তার সবই আমার কাছ থেকে সত্যয়িত করা হচ্ছিল। এই কারণে তার মৃত্যুর সময় তারই উপদেশ মত সকলে সবর (ধৈর্য্য) অবলম্বন করে। সহীহ বুখারীতে এসেছে-তিনি যখন মারা যান তার জন্য কান্নাকাটি বা বিলাপ করা হয়নি। (উসুদুল গাবা-৩/১৫৭-১৫৯, সীরাতু ইবন হিশাম-২/৩৮০)
মুতা রওয়ানা হওয়ার সময় তার স্ত্রী ও সন্তান ছিল। কিন্তু উসুদুল গাবা গ্রন্থকার বলেছেন, তিনি নিহত হন এবং কোন সন্তান রেখে যাননি। (উসুদুল গাবা-৩/১৫৯, সীয়ারে আনসার-২/২৬৫)
আবদুল্লাহ ইবন রাওয়াহার স্ত্রী সম্পর্কে আল-ইসতীয়াব গ্রন্থে একটি কাহিনী বর্ণিত হয়েছে। বিশেষ এক ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী তাকে বলেন, তুমি যদি পাক অবস্থায় থাক তাহলে একটু কুরআন তিলাওয়াত করে শুনাও। তখন আবদুল্লাহ চালাকির আশ্রয় গ্রহণ করে একটি কবিতা আবৃত্তি করেন। যার কিছু নিম্নরূপঃ
আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহর ওয়াদা সত্য,
কাফিরদের ঠিকানা দোযখ,
আরশ ছিল পানির ওপর,
আরশের ওপর ছিলেন বিশ্বের প্রতিপালক,
আর সেই আরশ বহন করে তারই শক্তিশালী ফিরিশতারা।
তার স্ত্রী কুরআনে পারদর্শী ছিলেন না। এই কারণে তিনি বিশ্বাস করেন যে, আবদুল্লাহ কুরআন থেকেই তিলাওয়াত করেছেন। তিনি বলেন, আল্লাহ সত্যবাদী, আমার চোখ দেখতে ভুল করেছে। আমি অহেতুক তোমাকে দোষারোপ করছি। দাসীর সাথে উপগত হওয়ার পর স্ত্রীর ক্রোধ থেকে বাঁচার জন্য হযরত আবদুল্লাহ এমন বাহানার আশ্রয় নেন। তিনি পরদিন সকালে এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি হেসে দেন। (আল-ইসতীয়াব-১/৩৬২, হায়াতুস সাহাবা-৩/১৫)
সামরিক দক্ষতা ছাড়াও হযরত আবদুল্লাহ ইবন রাওয়াহার আরও অনেক যোগ্যতা ছিল। একারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমাদর করতেন। সেই জাহিলী আরবে যে মুষ্টিমেয় কিছু লোক আরবীতে লেখা জানতো, আবদুল্লাহ তাদের অন্যতম। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বীয় কাতিব (লেখক) হিসাবে নিয়োগ করেন। তবে কখন কিভাবে তিনি লেখা শিখেছিলেন, সে সম্পর্কে ইতিহাস কিছু বলে না।
তিনি ছিলেন তৎকালীন আরবের একজন বিখ্যাত কবি। ডক্টর উমার ফাররুখ বলেন, মদীনায় ইসলাম রাষ্ট্রশক্তি অর্জন করলে আরবের মুশরিকগণ আরও শংকিত হয়ে পড়ে। মক্কার পৌত্তলিক কবিগণ বিশেষতঃ আবদুল্লাহ ইবন আয-যিবারী, কাব ইবন যুহাইর ও আবু সুফইয়ান ইবন আল-হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের নিন্দা ও কুৎসা রটনা করে কবিতা লিখতো। তখন মদীনায় হাসান ইবন সাবিত, আবদুল্লাহ ইবন রাওয়াহা ও কাব ইবন মালিক তাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে সমুচিত জবাব দেন এবং ইসলামের সৌন্দর্য তুলে ধরেন। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত দুপক্ষের এ কবিতার যুদ্ধ চলতে থাকে। আবদুল্লাহ ছিলেন তার যুগের ভালো কবিদের একজন। তিনি হাসসান ও কাবের সমপর্যায়ের কবি। জাহিলী যুগে তিনি কবি কায়েস ইবনুল খুতাইম-এর সাথে ব্যঙ্গ বিদ্রƒপ মূলক কবিতা লিখে প্রতিযোগিতা করতেন। আর ইসলামী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এবং মুশরিক কবিদের প্রতিবাদ ও নিন্দায় কবিতা রচনা করতেন। (তারীখুল আদাব আল-আরবী-১/২৫৮, ২৬১, ২৬২)
জুরযী যায়দান বলেন মক্কার পৌত্তলিক কবিদের মধ্যে যারা মুসলমানদের নিন্দা করে কবিতা বলতো তাদের মধ্যে আবদুল্লাহ ইবন আয-যিবারী, আবু সুফইয়ান ইবন আল-হাদিস ও ‘আমর ইবন আল-আস ছিল সর্বাধিক প্রসিদ্ধ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যারা তাদের অস্ত্রের দ্বারা আল্লণাহর রাসূলকে সাহায্য করেছে, জিহ্বা দিয়ে তাকে সাহায্য করতে তাদেরকে কিসে বিরত রেখেছে? এই কথার পর যে তিন কবি উপরোক্ত কবিদের প্রতিরোধে দাঁড়িয়ে যান তারা হলেন, হাস্সান, কাব ও আবদুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন, এই তিন কবির কবিতা শত্রদের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি বলেছেনঃ এই তিন কবি কুরাইশদের কাছে তীরের ফলার চেয়েও বেশি শক্তিশালী। (তারীখু আদাব আল-লুগাহ আল-আরাবিয়্যাহ-১/১৯১)
কবি হাস্সান কুরাইশদের বংশ ও রক্তের ওপর আঘাত হানতেন, কবি কাব কুরাইশদের যুদ্ধ-বিগ্রহ ও অতীত ইতিহাস বর্ণনা করে তাদের দোষ-ত্রটি তুলে ধরতেন। পক্ষান্তরে আবদুল্লাহ ইবন রাওয়াহা তাদের কুফরীর জন্য নিন্দা ও ধিক্কার দিতেন। (উসুদুল গাবা-৪/২৪৮) আবুল ফারাজ আল-ইস্পাহানী বলেন ঃ হাস্সান ও কাব প্রতিপক্ষ কুরাইশ কবিদের মত যুদ্ধ বিগ্রহ ও গৌরবমূলক কাজ-কর্ম নিয়ে কবিতা রচনা করতেন এবং তার মধ্যে কুরাইশদের বিভিন্ন দোষ-ত্রটি তুলে ধরতেন। আর আবদুল্লাহ ইবন রাওয়াহা তাদের কুফরীর জন্য ধিক্কার ও নিন্দা জানাতেন। কুরাইশদের ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত পূর্বোক্ত দুজনের কবিতা ছিল তাদের নিকট আবদুল্লাহর কবিতা অপেক্ষা অধিকতর পীড়াদায়ক। কিন্তু যখন তারা ইসলাম গ্রহণ করে তার মর্মবাণী উপলব্ধি করলো তখন আবদুল্লাহর কবিতা সর্বাধিক প্রভাবশালী ও পীড়াদায়ক বলে তাদের নিকট প্রতিভাত হলো। (কিতাবুল আগানী-৪/১৩৬)
আবদুল্লাহ ছিলেন স্বভাব কবি। উপস্থিত কবিতা রচনায় দক্ষ ছিলেন। হযরত যুবাইর ইবনুল আওয়াম (রা:) বলেন ঃ তাৎক্ষণিক কবিতা বলার ক্ষেত্রে আমি আবদুল্লাহ অপেক্ষা অধিকতর সক্ষম আর কাউকে দেখিনি। (তাহজীবুল আসমা ওয়াল লুগাত-১/২৬৫) একদিন তিনি মসজিদে নববীতে গেলেন। পূর্বেই সেখানে হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীর সাথে বসে ছিলেন। তিনি আবদুল্লাহকে কাছে ডেকে বলেন, তুমি এখন মুশরিকদের সম্পর্কে কিছু কবিতা শোনাও। আবদুল্লাহ কিছু কবিতা শোনালেন। কবিতা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি দিয়ে বলেন, আল্লাহ তোমাকে অটল রাখুন। (আল-ইসতীয়াব-১/৩৬২, তাবাকাত-৩/৫২৮, আল-ইসাবা-২/৩০৭)
হযরত আবু হুরাইরা (রা:) ওয়াজ নসীহাতের সময় বলতেন, তোমাদের এক ভাই আবদুল্লাহ ইবন রাওয়াহা অশ্লীল কথা বলতেন। তারপর তিনি আবদুল্লাহর একটি কবিতা আবৃত্তি করতেন। ইমাম আহমাদ তার মুসনাদ গ্রন্থে কবিতাটি সংকলন করেছেন। (আল-ফাতহুর রাব্বানী, শরহু মুসনাদ আহমাদ-২২/২৮৭)
আবদুল্লাহ ইবন রাওয়াহার সব কবিতা কালের গর্ভে হারিয়ে গেছে। তবে এখনও পঞ্চাশটি শ্লোক (াবৎংব) সীরাত ও ইতিহাসের বিভিন্ন গ্রন্থে সংরক্ষিত আছে। সীরাতু ইবন হিশামে তার অধিকাংশ পাওয়া যায়। (দায়িরা-ই-মায়ারিফ ইসলমিয়অ (উর্দু)-১২/৭৮০)
যখন সূরা শুয়ারা-এর ২২৪-২২৬ নং আয়াতগুলি-কবিদেরকে তারাই অনুসরণ করে যারা বিভ্রান্ত। তুমি কি দেখনা তারা উদভ্রান্ত হয়ে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়? এবং যা করে না তাই বলে বেড়ায়-নাযিল হয় তখন হাস্সান, আবদুল্লাহ ও কাব এত ভীতি হয়ে পড়েন যে, তারা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে যান। তারা বরেন ঃ ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত নাযিলের সময় আল্লাহ তো জানতেন আমরা কবি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের পরবর্তী অংশ-কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকাজ করে, আল্লাহকে বার বার স্মরণ করে ও অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে-পাঠ করেন এবং বলেন এই হচ্ছো তোমরা। (আল-ইসাবা-২/৩০৭, তাবাকাত-৩/৫২৮, হায়াতুস সাহাবা-৩/৭৭, ২/৩০৬)
আবদুল্লাহ ইবন রাওয়াহা ছিলেন একজন দুনিয়া বিরাগী আবিদ ও সব সময় আল্লাহকে স্মরণকারী (জাকির) ব্যক্তি। আবু দারদা বলেনঃ এমন কোন দিন যায়না যেদিন আমি তাকে স্মরণ করি না। আমার সঙ্গে একত্র হলেই তিনি বলতেন, এস, কিছুক্ষণের জন্য আমরা মুসলমান হয়ে যাই। তারপর বসে যিকর শুরু করতেন। যিকর শেষ হলে বলতেন, এটা ছিল ঈমানের মজলিস। (উসুদুল গাবা-৩/১৫৭)
আনাস ইবন মালিক বলেন: আবদুল্লাহ ইবন রাওয়াহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর দেখা হলে বলতেন, এস, আমরা কিছু সময়ের জন্য ঈমান আমি। একদিন এক ব্যক্তি তার এমন কথায় খুব রেগে গেল। সে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করে বললঃ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না, ইবন রাওয়াহা আপনার ঈমান ত্যাগ করে কিছুক্ষণের ঈমানকে পছন্দ করছে? তিনি বললেন, আল্লাহ ইবন রাওয়াহার ওপর রহম করুন! সে এমন সব মজলিস পছন্দ করে যার জন্য ফিরিশতারাও ফখর করে থাকে।
একবার তো তার এমনই ধরনের আহবানে এক ব্যক্তি প্রতিবাদ করে বলে বসলো, কেন আমরা কি মুমিন নই? তিনি বললেন ঃ হাঁ, আমরা মুমিন। তবে আমরা যিকর করবো, তাতে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। (আল-ফাতহুর রাব্বানী-২২/২৮৬, হায়াতুস সাহাবা-৩/১৫)
তার স্ত্রী বর্ণনা করেন, যখন তিনি ঘর থেকে বের হতেন, দুই রাকায়াত নামায আদায় করতেন। আবার ঘরে ফিরে এসে ঠিক একই রকম করতেন। এ ব্যাপারে কখনও অলসতা করতেন না। (আল-ইসাবা-২/৩০৮, হায়াতুস সাহাবা-৩/১৪৮)
একবার এক সফরে এত প্রচণ্ড গরম ছিল যে, মানুষ সূর্যের তেজ থেকে বাঁচার জন্য নিজ নিজ মাথার ওপর হাত দিয়ে রেখেছিল। এমন গরমে কে রোযা রাখে? কিন্তু তার মধ্যেও কেবল হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবদুল্লাহ ইবন রাওয়াহা সাওম পালন করেন। (সহীহ বুখারী-১/২৬১, মসলিম-১/৩৫৭, হায়াতুস সাহাবা-১/৪৭৯, তাহজীবুল আসমা ওয়াল লুগাত-১/২৬৫)
জিহাদের প্রতি ছিল তার দুর্নিবার আকর্ষণ। বদর থেকে নিয়ে মুতা পর্যন্ত যত যুদ্ধ হয়েছে তার একটিতেও তিনি অনুপস্থিত থাকেননি। রিজাল শাস্ত্রবিদরা (চরিত অভিধান) বলেছেনঃ আবদুল্লাহ সবার আগে যুুদ্ধে বের হতেন এবং সবার শেষে ঘরে ফিরতেন। (আল-ইসাবা-২/৩০৭)
হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ-নিষেধ তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। একটি ঘটনায় এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। একবার হযরত রসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা (ভাষণ) দিচ্ছেন। আর ইবন রাওয়াহা যাচ্ছেন মসজিদের দিকে। তিনি যখন মসজিদের বাইরের রাস্তায় এমন সময় তিনি শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজ নিজ স্থানে বসে পড়। এই নির্দেশ ইবন রাওয়াহার কানে যেতেই সেখানে বসে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করার পর কোন এক ব্যক্তি ইবন রাওয়াহার ব্যাপারটি তাকে শোনান। শুনে তিনি মন্তব্য করেন ঃ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যের লালসা আল্লাহ তার মধ্যে আরও বৃদ্ধি করে দিন। (আল-ইসাবা-২/৩০৬, হায়াতুস সাহাবা-২/৩৫৬)
হযরত আবদুল্লাহ ইবন রাওয়াহা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ভালোবাসতেন তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে ভালোবাসতেন। একবার আবদুল্লাহ অসুখে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। তিনি দুআ করলেনঃ হে আল্লাহ, যদি তার মৃত্যুর সময় ঘনিয়ে এসে থাকে তাহলে সহজে তার মরণ দাও অন্যথায় তাকে ভালো করে দাও। (আল-ইসাবা-২/৩০৬)
উসামা ইবন যায়িদ বলেনঃ সাদ ইবন উবাদা অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য বের হলেন। আমাকেও বাহনের পিছনে বসিয়ে নিলেন। আবদুল্লাহ ইবন উবাই তার মুযাহিম দুর্গের ছায়ায় নিজ গোত্রের আরও কিছু লোকের সাথে বসে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন, কোন কথা না বলে তাদের পাশ দিয়ে চলে যাওয়া শিষ্টাচারের পরিপন্থী। তাই তিনি বাহনের পিঠ থেকে নামলেন এবং সালাম দিয়ে কিছুক্ষণ বসলেন। তারপর কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করে তাদের সকলকে ইসলামের দাওয়াত দিলেন। এতক্ষণ আবদুল্লাহ ইবন উবাই চুপ করে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হলে সে বলল ঃ দেখুন, আপনার কথা সত্য হলে বাড়িতে গিয়ে বসে থাকুন। কেউ আপনার কাছে গেলে তাকে যত পারেন শুনাবেন। এমন অবাঞ্ছিতভাবে কোন মজলিসে উপস্থিত হয়ে কাউকে বিরক্ত করবেন না। সেখানে উপস্থিত মুসলমানদের মধ্যে আবদুল্লাহ ইবন রাওয়াহাও ছিলেন। তিনি গর্জে উঠলেন ঃ ইয়া রাসূলুল্লাহ! তার কথা কখনও মানবেন না। আপনি আসবেন। আপনি আমাদের মজলিসে, ঘরে ঘরে এবং বাড়িতে বাড়িতে আসবেন। আমরা সেটাই পছন্দ করি। আপনার দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন। (সীরাতু ইবন হিশাম-১/৫৮৭, হায়াতুস সাহাবা-২/৫০৯)
একদিন আবদুল্লাহ তার স্ত্রীর কোলে মাথা রেখে কাঁদা শুরু করলেন। তাই দেখে স্ত্রীও কাঁদতে লাগলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? স্ত্রী বললেন ঃ তোমাকে কাঁদতে দেখে আমি কাঁদছি। তখন তিনি সূরা মরিয়াম-এর ৭১ নং আয়াতটি তিলাওয়াত করে বলেন, আমি এই আয়াতটি স্মরণ করে কাঁদছি। জানিনে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব কিনা। (হায়াতুস সাহাবা-৩/৪৫)

বিখ্যাত আনসারী সাহাবী আবু দারদা-র ইসলাম গ্রহণের ব্যাপারে আবদুল্লাহর ভূমিকাটি বিশেষ উল্লেখযোগ্য। জাহিলী যুগে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক ছিল। আদুল্লাহর ইসলাম গ্রহণের পরও আবু দারদা মূর্তি উপাসক থেকে যান। তার বাড়িতে ছিল বিরাট এক মূর্তি। একদিন আবু দারদা বাড়ি থেকে বের হলেন, আর ঠিক সেই সময় ভিন্ন পথ দিয়ে আবদুল্লাহ বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তিনি আবু দারদা-র স্ত্রীকে জিজ্ঞেস করলেনঃ আবু দারদা কোথায়? স্ত্রী জবাব দিলেনঃ এই মাত্র বেরিয়ে গেলেন আবদুল্লাহ মূর্তির ঘরে প্রবেশ করে সেখানে রক্ষিত একটি হাতুড়ি দিয়ে মূর্তিটি ভেঙ্গে চুরমার করে ফেললেন। শব্দ শুনে আবু দারদা-র স্ত্রী ছুটে গেলেন। আবদুল্লাহ কাজ শেষ করে চলে গেলেন। এদিকে আবু দারদা-র স্ত্রী ভয়ে মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করলেন। আবু দারদা ঘরে ফিরে স্ত্রীর নিকট সব কিছু শুনে প্রথমে খুব রেগে গেলেন। কিন্তু পরক্ষণেই চিন্তা করলেন, যদি মূর্তির কোন ক্ষমতা থাকতো তাহলে সে নিজেকে রক্ষা করতে সক্ষম হতো। এই উপলব্ধির পর তিনি আবদুল্লহকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যান এবং ইসলামের ঘোষণা দেন। (হায়াতুস সাহাবা-১/৩৩২, ৩৩৩)
একবার কবি হাস্সান ইবন সাবিত, একটি কবিতায় সাফওয়ান ইবন আল-মুয়াত্তাল ও তার গোত্রের নিন্দা করেন। সাফওয়ান ক্ষেপে গিয়ে কবিকে মারপিট করে এবং তাকে দুহাত গলার সাথে বেঁধে আল-হারিসের পল্লীতে নিয়ে যায়। আবদুল্লাহ ইবন রাওয়াহা তাকে ছাড়িয়ে দেন এবং বিষয়টি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করেন। তাদের দুজনকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসেন। তিনি তাদের ঝগড়া মিটমাট করে দেন। (সীরাতু ইবন হিশাম-২/৩০৫)
উপরে উল্লেখিত বৈশিষ্ট্যসমূহের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসায় বলেছেনঃ নিমার রাজুলু আবদুল্লাহ ইবন রাওয়াহা-আবদুল্লাহ ইবন রাওয়াহা কতই না ভালো মানুষ। (আল-ইসাবা-২/৩০৬)