প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৭ম সংখ্যা, জানুয়ারী ২০১৬, রবি আউঃ-রবি সানি ১৪৩৭ হিজরী, পৌষ-মাঘ ১৪২২ বঙ্গাব্দ’ সংখ্যায়

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস-দাসী ও অধীনস্থদের মনও যেভাবে দরকার সেভাবে জয় করে নিতেন। যেভাবে কথা বললে তারা খুশি হবে তাদের সাথে সেভাবে কথা বলতেন। তাদের মনোভাব ও আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন। যতদিন চাচা আবূ তালেব বেঁচে ছিলেন, ততদিন রাসূল মোটামুটি নিরাপদ ছিলেন। কিন্তু চাচা আবূ তালেবের মৃত্যুর পর কোরাইশরা রাসূলকে নিপীড়ন করার সীমা ছাড়িয়ে গেল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন, সাকীফ গোত্র তাকে সাহায্য করবে। তিনি যে দীন নিয়ে এসেছেন তারা তা গ্রহণ করবে। এ আশায় বুক বেঁধে তিনি একাই তায়েফের উদ্দেশ্যে যাত্রা করলেন।
যথাসময়ে তিনি তায়েফে পৌঁছালেন। সেখানকার সাকিফ গোত্রের বড় বড় তিনজন নেতার সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা ছিল সহোদর ভাই। একজনের নাম আবদে ইয়ালীল, অন্যজনের নাম মাসুদ, আর তৃতীয়জনের নাম হাবীব। তাদের পিতা ছিল আমর বিন ওমায়ের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত ছিলেন। ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। আর মক্কার যেসব লোক তার বিরোধীতা করছে তাদের বিরুদ্ধে রাসূলকে সাহায্য করার অনুরোধ জানালেন। কিন্তু তারা কঠোর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বান প্রত্যাখ্যান করলো।
একজন বললো, আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে পাঠিয়ে থাকেন তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলব।
অন্যজন বললো, আল্লাহ কি তোমাকে ছাড়া নবী বানানোর মতো আর কাউকে পান নি?
তৃতীয়জন দার্শনিকের ভঙ্গিতে বললো, আমি তোমার সঙ্গে কথাই বলব না। কারণ তুমি যদি সত্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হয়ে থাক তাহলে তোমার কথার জবাব দেয়া আমার জন্য বিপজ্জনক! আর যদি তুমি মিথ্যা বলে থাক তাহলে তো তোমার সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই।
তাদের এ অনাকাঙ্খিত উত্তর শুনে রাসূল তাদের কাছ থেকে চলে এলেন। তিনি সাকীফ গোত্রের কাছ থেকে কল্যাণকর কিছু পাওয়ার আশা ছেড়ে দিলেন। তবে তিনি আশঙ্কা করছিলেন যে, তায়েফবাসীর এ প্রত্যাখ্যানের সংবাদ জানতে পারলে কোরাইশরা আরো দুঃসাহসী হয়ে উঠবে। তারা আগের চেয়ে বেশি উৎপীড়ন করবে। তাই তিনি তাদেরকে বললেন, \’তোমরা আমার কথা না মান কিংবা আমার সহযোগিতা না কর তাতে আপাতত দুঃখ নেই, কিন্তু আমি যে তোমাদের কাছে এসেছিলাম তা কাউকে জানিয়ে দিয়ো না। এটা গোপন রেখ।\’
কিন্তু তারা তা মানল না; বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে নিপীড়ন করার জন্য তারা নিজেদের কিছু ক্রীতদাস ও নির্বোধ লোককে তাঁর পেছনে লেলিয়ে দিল। তারা তাকে গালি দিতে লাগল, চিৎকার করে তাকে বিদ্রুপ করতে লাগল। তাদের এই চেঁচামেচিতে রাসূলের আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেল।
এভাবে উপহাস করতে করতে তারা তাকে রাবীয়ার পুত্র ওতবা ও শায়বার একটি বাগান পর্যন্ত নিয়ে গেল। এরপর তারা চলে গেল। ওতবা ও শায়বা তখন বাগানেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাগানে প্রবেশ করে একটি আঙুর গাছের ছায়ায় হেলান দিয়ে বসে পড়লেন।
ওতবা ও শায়বা রাসূলকে দেখতে পেলো। তায়েফবাসীদের পক্ষ থেকে তিনি যে নিপীড়নের শিকার হয়েছিলেন তাও তারা দেখেছিল। এটা দেখে তাদের অন্তরে রাসূলের প্রতি মায়া লাগল।
তারা তাদের এক খৃষ্টান গোলাম আদ্দাসকে ডেকে বললো, গাছ থেকে এক থোকা আঙুর পেড়ে তশতরিতে রেখে গাছের নীচে হেলান দিয়ে বসে থাকা ঐ লোকটিকে দিয়ে এসো।
আদ্দাস আঙুর নিয়ে আল্লাহর রাসূলের সামনে রেখে বললো, নিন, এখান থেকে খান।
আল্লাহর রাসূল হাত বাড়িয়ে বিসমিল্লাহ বলে খেতে লাগলেন।
আদ্দাস বললো, আল্লাহর শপথ! আপনি যে শব্দটি উচ্চারণ করলেন তা মতো এ অঞ্চলের কারো মুখে শুনি নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আদ্দাস! তোমার আসল বাড়ি কোথায়? তুমি কোনো ধর্মের অনুসারী?
সে বললো, আমি খৃষ্টধর্মের অনুসারী আর আমার বাড়ি নীনওয়ার।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর প্রিয় বান্দা ইউনুস বিন মাত্তার এলাকার লোক?
আদ্দাস বললো, ইউনুস ইবনে মাত্তাকে আপনি চেনেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই। তিনি নবী ছিলেন। আমিও নবী।
এ কথা শুনে আদ্দাস রাসূলের কপালে ও হাতে-পায়ে চুমু খেতে লাগল। ওতবা এবং শায়বা এ দৃশ্য দেখে একে অপরকে বলতে লাগল, মুহাম্মদ আমাদের গোলামের মাথাটাও নষ্ট করে দিল!
এরপর আদ্দাস তার মালিকের কাছে ফিরে এল। তার চেহারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দর্শন ও কথোপকথনের বিশেষ দ্যুতি চকচক করছিল। তার মালিক তাকে বললো, কী ব্যাপার, আদ্দাস! তুমি লোকটার কপালে ও হাতে-পায়ে চুমু খেলে কেন?
আদ্দাস বললো, মনিব আমার! পৃথিবীতে এই লোকটির চেয়ে উত্তম আর কেউ নেই। তিনি আমাকে এমন তথ্য দিয়েছেন, যা কোনো নবী ছাড়া অন্য কেউ বলতে পারেন না।
এ কথা শুনে তার মনিব বললো, আদ্দাস! যাই হোক তুমি সাবধান থেকো। সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে বিচ্যুত করতে না পারে। তোমার ধর্ম তো তার ধর্মের চেয়ে অনেক ভাল।
প্রিয় পাঠক, শ্রেণি, পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে আমাদের আচরণকে আমরা কি সবচেয়ে সুন্দর করতে পারি না?

এক পলক…
মানুষকে মানবতার দৃষ্টিকোণ থেকে দেখুন।
মানুষের সঙ্গে একজন মানুষ হিসেবেই আচরণ করুন।
ধর্ম-বর্ণ, বংশ-গোত্র ও পেশা-পদবীর প্রতি লক্ষ করবেন না।

বিরোধীদের সাথে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গেও ইনসাফপূর্ণ আচরণ করতেন। ইসলামের দিকে দাওয়াত ও মানবাত্মার পরিশুদ্ধি করতে গিয়েও তাদের লাঞ্ছনা, গঞ্জনা, গালি গালাজ ও নিপীড়ন হাসিমুখে সহ্য করতেন। তাদের সব ধরনের অসদাচরণ তিনি এড়িয়ে যেতেন।
এমন হবে না বা কেন? আল্লাহ তাআলা তো তার সম্পর্কেই বলেছেন, আমি তোমাকে জগতসমূহের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।
তাই তিনি শুধু মুমিনদের জন্যই রহমত নন; বরং সমস্ত জগতের জন্য ও জগদ্বাসীর জন্য রহমত। ইহুদিদের অবস্থা চিন্তা করে দেখুন। তারা আল্লাহর রাসূলের নিন্দা করেছে, তার সঙ্গে শত্রতামূলক আচরণ করেছে। কিন্তু তবুও তিনি তাদের সঙ্গে সর্বোত্তম আচরণ করেছেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইহুদিরা একদিন আল্লাহর রাসূলের ঘরের পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন তারা বললো আসসা-মু আলাইকুম। (অর্থাৎ আপনার মৃত্যু হোক!)
আল্লাহর রাসূল তখন এর জবাবে বললেন, ওয়া আলাইকুম। অর্থাৎ আমার নয়, তোমাদের। কিন্তু আয়েশা রাদিআল্লাহু আনহা তাদের কথা শুনে রাগ হজম করতে পারলেন না। তিনি বললেন, আসসা-মু আলাইকুম (তোমাদের মৃত্যু হোক), আল্লাহ তোমাদের অভিশপ্ত করুন এবং তোমাদের ওপর গজব আপতিত করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা! একটু থামো। সবার সঙ্গে নরম ও কোমল আচরণ করবে। কঠোরতা ও অশ্লীল আচরণ থেকে বিরত থাকবে।
আয়েশা বললেন, তারা কী বলেছে তা কি আপনি শোনেন নি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের কথার উত্তরে আমি কী বলেছি তা কি তুমি শোনো নি? আমি তাদের কথা তাদেরকে ফিরিয়ে দিয়েছি। (অর্থাৎ তোমাদের জন্য সে দোয়াই কবুল হোক, যা তোমরা আমার জন্য করেছ।) আমার দোয়া আল্লাহ কবুল করবেন, আর তাদের দোয়া কবুল হবে না। গালির জবাবে গালি দেয়ার কী দরকার? আল্লাহ কি বলেন নি, \’আপনি মানুষের সাথে সুন্দর কথা বলুন\’?\”
একদিনের ঘটনা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণসহ কোনো এক জিহাদে গিয়েছিলেন। ফেরার পথে তারা গাছ-গাছালিতে পরিপূর্ণ একটি উপত্যকায় অবতরণ করলেন। সাহাবীগণ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গাছের নীচে ঘুমিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি গাছের ডালের সঙ্গে নিজের তরবারি বেঁধে গাছের নীচে চাদর বিছিযে ঘুমিয়ে পড়লেন।
এদিকে জনৈক মুশরিক মুসলিম বাহিনীকে দূর থেকে গোপনে অনুসরণ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একাকী ও বিচ্ছিন্ন অবস্থায় ঘুমাতে দেখে সে ধীর পদক্ষেপে এগিয়ে এল। গাছের ডাল থেকে তরবারিটি হাতে নিল। এরপর সে চিৎকার করে বললো, হে মুহাম্মদ! আজ তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে?
আল্লাহর রাসূল ঘুম থেকে জেগে উঠলেন। শিয়রে উন্মুক্ত তরবারি হাতে শত্র দণ্ডায়মান। তরবারির ফলা থেকে মৃত্যুর ঝলক ছড়িয়ে পড়ছে। আল্লাহর রাসূল একাকী। শরীরে কোনো বর্ম নেই, পরনে কেবল একটি লুঙ্গি। সঙ্গী-সাথিরা সবাই দূরে, বিক্ষিপ্ত ও ঘুমে অচেতন।
মুশরিক লোকটি তার আরাধ্য জয়ের উল্লাসে ও শক্তির উন্মাদনায় বারবার বলছিল, আজ তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে?
কিন্তু এমন ভয়ানক পরিস্থিতিতেও আল্লাহর রাসূল শান্ত ও অবিচল কণ্ঠে শুধু একটি শব্দ উচ্চারণ করলেন, আল্লাহ।
আল্লাহর রাসূলের এ উচ্চারণে কী অসীম শক্তি নিহিত ছিল তা কে জানে? এ শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে মুশরিক লোকটির সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হলো। ভয়ে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং তরবারিটি হাতে তুলে নিলেন। পাল্টে গেল দৃশ্যপট। রাসূলের হাতে তরবারি। মুশরিক লোকটি এখন নিরস্ত্র।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তকণ্ঠে বললেন, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে?
এ কথা শুনতেই লোকটির চেহারা বিবর্ণ হয়ে গেল। সে থরথর করে কাঁপতে লাগল। মৃত্যুর শীতল বাতাস যেন তার ঘাড়ের পাশ দিয়ে প্রবাহিত হতে লাগল। উপায়ন্তর না দেখে রাসূলের কাছে ক্ষমা চাইতে লাগল। কাতর স্বরে বললো, আপনার হাত থেকে আমাকে বাঁচানোর মতো কেউ নেই। আমার প্রতি দয়া করুন। আমার মতো অধম নয়; বরং উত্তম আচরণ করুন।\’
রাসূল বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করবে?
সে বললো, না। তবে যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি তাদের সঙ্গী হব না।
আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিলেন। তার সঙ্গে উত্তম আচরণ করলেন। তাকে মুক্তি দিয়ে সসম্মানে বিদায় জানালেন।
লোকটি ছিল নিজ গোত্রের প্রধান। গোত্রে ফিরে গিয়ে সে আলোচ্য ঘটনাটি সবাইকে শোনাল। এরপর গোত্রের সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানাল। তার আহ্বানে গোত্রের সবাই মুসলমান হয়ে গেল।
এভাবে সুন্দর আচরণের মাধ্যমে আপনিও পারেন মানুষের হৃদয় জয় করতে। চরম শত্রকেও পারেন বন্ধুতে রূপান্তর করতে। ভেঙ্গে দিতে পারেন দুশমনির মজবুত দেয়াল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আখলাকের অধিকারী। এ আখলাকের মাধ্যমেই তিনি মানুষের হৃদয়-মন জয় করেছেন। হেদায়েতের পথ দেখিয়েছেন। দূর করেছেন হৃদয় থেকে কুফরির অমানিশা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন কুরাইশের লোকেরা তার মোকাবেলায় সব ধরনের উপায় ও পন্থা অবলম্বন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতি মিশনও দ্রুত ছড়িয়ে পড়া ইসলামের গতি কীভাবে রোধ করা যায় তা নিয়ে তাদের বয়োঃজ্যেষ্ঠ প্রবীণরা পরামর্শ সভা ডাকল।
সবার মধ্যে যিনি সবচেয়ে প্রবীণ তিনি বললেন, মোহাম্মদের এ মিশনের পেছনে কী লুকিয়ে আছে তা খুঁজে বের করতে হবে। তার আসল উদ্দেশ্য কী তা আমাদের জানতে হবে। এ জন্য যাদুবিদ্যা, জ্যোর্তিবিদ্যা ও কাব্যশাস্ত্রে অভিজ্ঞ এমন একজন লোক খুঁজে বের করে তাকে মোহাম্মদের কাছে পাঠাও। সে তার কাছ থেকে তার আসল উদ্দেশ্য বের করে নিয়ে আসবে। এরপর আমরা আমাদের করণীয় ঠিক করব। একে রোধ করতে না পারলে আমাদের সব নিঃশেষ হয়ে যাবে। আমাদের নেতৃত্ব, আমাদের পরিবার ও আমাদের সমাজ সব ধ্বংস হয়ে যাবে।\’
সবাই সমস্বরে বললো, এটা সবচেয়ে সুন্দর প্রস্তাব। এর বিকল্প নেই। এক্ষেত্রে ওতবা বিন রবিয়ার চেয়ে যোগ্য আর কেউ নেই।
তখন সবাই মিলে ওতবাকে বললো, ওতবা! তুমিই এ কাজের যোগ্য। তুমিই যাও। দেখ, সে কী বলে। ওতবা ছিল ধৈর্যশীল, বিচক্ষণ ও নেতৃস্থানীয় লোক। সে বললো, তোমরা আসলে কী চাও? তোমরা কি চাও যে, আমি বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে তাকে নিবৃত করতে চেষ্টা করব?
তারা বললো, \’হ্যাঁ, আবূল ওলিদ আমরা এমনটাই চাচ্ছি।
ওতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্তভাবে বসে ছিলেন। ওতবা রাসূলের কাছে গিয়ে বসল। এরপর প্রথমেই বললো, মুহাম্মাদ! তুমি উত্তম না তোমার পিতা আবদুল্লাহ উত্তম?
আল্লাহর রাসূল কোনো জবাব দিলেন না। বাবার সম্মানার্থে চুপ থাকলেন। ওতবা এরপর বললো, মুহাম্মদ! তুমি উত্তম না আবদুল মুত্তালিব উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও চুপ থাকলেন। আবদুল মুত্তালিবের সম্মান রক্ষার্থে কোনো কথা বললেন না।
এরপর ওতবা বললো, তুমি যদি মনে কর এরা তোমার চেয়ে উত্তম তাহলে তো তোমারও তাদের অনুসরণ করা উচিত। তারা তো মূর্তিরই উপাসনা করতো। অথচ তুমি মূর্তির নিন্দাবাদ করছো। আর যদি মনে কর তুমি তাদের চেয়ে উত্তম তাহলে তা স্পষ্ট করে বল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেয়ার আগেই ওতবা খুব উত্তেজিত হয়ে বলে উঠল, আল্লাহর কসম! আমি কোনো জাতির সন্তানকে তোমার চেয়ে দুর্ভাগা ও অপয়া দেখি নি। তুমি আমাদের ঐক্য বিনষ্ট করেছ। আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ। আমাদের ধর্মকে কুলষিত করেছ। পুরো আরবে আমাদের মানহানি করেছ। সর্বত্র ছড়িয়ে পড়েছে যে, কোরাইশদের মাঝে একজন যাদুকরের আবির্ভাব ঘটেছে। কোরাইশদের মাঝে একজন গণকের উদ্ভব হয়েছে। আমাদের এ অবস্থার চূড়ান্ত পরিণতি হলো, একদিন আমরা সবাই একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব এবং ভ্রাতৃঘাতি লড়াই করতে করতে সবাই একেবারে নিঃশেষ হয়ে যাবে।\’
কথাগুলো বলতে বলতে ওতবা ক্রোধে ফেটে পড়ছিল। রাগে ক্ষোভে তার চেহারা আগুনের রূপ পরিগ্রহ করেছিল। কিন্তু আল্লাহর রাসূল দিঘির জলের ন্যায় শান্ত হয়ে বসে নীরবে ও মনোযোগ সহকারে তার সব কথা শুনতে লাগলেন।
এরপর ওতবা রাসূলকে দাওয়াতের মিশন থেকে নিবৃত করতে একে একে বিভিন্ন লোভনীয় প্রস্তাব পেশ করতে লাগল।
সে বললো, মুহাম্মদ! তুমি যা করেছ, এগুলো যদি সম্পদ লাভের জন্য হয়ে থাকে তাহলে আমাদের কথা শোনো, আমরা তোমাকে এত বিপুল পরিমাণে সম্পদ সংগ্রহ করে দেব যে, তুমিই হবে কুরাইশের সবচেয়ে বড় ধনী।
তোমার মনে যদি নেতৃত্বের বাসনা জেগে থাকে, তাহলে বল। আমরা তোমাকে পুরো আরবের নেতা বানিয়ে দেব। তোমার কথায় সবাই উঠবে আর বসবে।
সম্পদ বা নেতৃত্ব যদি তোমার কাম্য না হয়ে থাকে তাহলে তোমার আরাধ্য বস্তুটা কী? অপরূপ সুন্দরী কোনো নারী? নিঃসঙ্কোচে তাও বলতে পারো। কোরাইশদের যে নারীকেই তুমি পেতে চাও তাকেই পাবে। তুমি যদি বল অপরূপ সুন্দরী নারী দেখে তোমাকে দশটি বিয়ে করিয়ে দেব
তুমি যদি মনে কর এগুলো কিছুই তোমার কাম্য নয়; বরং তুমি যা করছ তা কোনো বদ জ্বিন বা ক্ষতিকর কোনো অশরীরি সত্ত্বার প্রভাবে হচ্ছে, যা তুমি নিজে নিজে দূর করতে পারছ না তাহলে তাও বল। আমরা আরবের শ্রেষ্ঠকবিরাজ খুঁজে বের করে এর চিকিৎসা করব। এজন্য যত টাকা দরকার আমরা সব ব্যবস্থা করব।
ওতবা এভাবে অশালীন ভাষায় কথা বলতে লাগল এবং একের পর এক রাসূলকে বিভিন্ন ধরনের লোভ দেখাতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তার কথা শুনে যাচ্ছিলেন। অর্থ-সম্পদ, নেতৃত্ব-ক্ষমতা, সুন্দরী নারী, জিনের তদবির তার এসব লোভনীয় প্রস্তাবপূর্ণ বক্তব্য শেষ হলো।
দীর্ঘসময় কথা বলে একসময় ওতবা থামল। কাক্সিক্ষত উত্তরের অপেক্ষায় সে অধীর অপেক্ষায় প্রহর শুনতে লাগল। এক একটি মুহূর্ত তার কাছে অনেক দীর্ঘ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মাথা উঁচু করে তাকালেন। শান্ত স্বরে বললেন, ওতবা! তোমার কথা কি শেষ হয়েছে?
ওতবা সত্যবাদী ও বিশ্বস্ত রাসূলে আরাবির এ সৌজন্যবোধ ও ভদ্রতায় একটুও বিস্মিত হলো না। শুধু সংক্ষেপে বললো, হ্যাঁ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার কথা শোনো।
সে বললো, ঠিক আছে, আমি শুনছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন। তবে একটি কথাও নিজ থেকে বললেন না। পাঠ করতে লাগলেন কুরআনে কারীম থেকে-

অর্থ: বিসমিল্লাহির রাহমানির রাহিম। … মানুষকে সুন্দর কথা বলুন…। (সূরা বাকারা : আয়াত-৮৩)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে যাচ্ছেন আর ওতবা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছে। একসময় ওতবা হাত পা ছেড়ে মাটিতে বসে পড়ল। সে পেছনে হাত দিয়ে মাটিতে ভর দিয়ে শুনতে লাগল রাসূলের তিলাওয়াত। তার শরীর দুলে উঠল। হৃদয় নড়ে উঠল। মনের রাজ্যে বয়ে চললো তুমূল ঝড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমনে নিবিষ্ট চিত্তে তিলাওয়াত করে যাচ্ছেন। এভাবে তিলাওয়াত করতে করতে তিনি পৌঁছলেন এ আয়াতে।

তারা যদি আপনার কথা প্রত্যাখ্যান করে তাহলে বলুন, আমি তোমাদেরকে বজ্রপাতের ভীতি প্রদর্শন করছি, যেমন বজ্রপাত হয়েছিল আদ ও সমুদ সম্প্রদায়ের ওপর। (সূরা হা মীম সাজদা: ১৩)
কঠিন আজাবের এ সতর্কবাণী শুনে ওতবা ঘাবড়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের ওপর হাত রাখল, যেন তিনি তিলাওয়াত বন্ধ করে দেন। কিন্তু তিনি তিলাওয়াত করতে থাকলেন। তিলাওয়াত করতে করতে তিনি সিজদার আয়াত পর্যন্ত পৌঁছে সিজদা করলেন।
সিজদা থেকে মাথা উঠিয়ে তিনি ওতবার দিকে তাকালেন। বললেন, ওতবা! তুমি কি আমার তিলাওয়াত শুনেছ?
সে বললো, হ্যাঁ, শুনেছি।
এবার তুমি কী করবে ভেবে দেখ।
ওতবা উঠে তার দলবলের কাছে গেল। তারাও অত্যন্ত আগ্রহের সঙ্গে তার আগমনের পথ চেয়েছিল। ওতবা তাদের কাছে পৌঁছতেই একজন আরেকজনকে লক্ষ্য করে বলে উঠল আল্লাহর কসম! এ ওতবা তো সে ওতবা নয়। তার চেহারায় পরিবর্তনের আবহ দেখা যাচ্ছে।
ওতবা কাছে এসে বসল। তারা বললো, কী ব্যাপার! কী করে এলে?
ওতবা বললো, আল্লাহর কসম! আমি মুহাম্মাদের কাছে এমন কিছু শুনেছি, যা জীবনে কখনো শুনি নি। আল্লাহর কসম! এগুলো না কবিতা না যাদু না গণকবিদ্যা।
হে কুরাইশের নেতৃবৃন্দ! তোমরা আমার কথা শুন। সে যা করছে, তাকে তা করতে দাও। সে যা বলছে, তা অবশ্যই বড় কোনো কিছু হবে।
সে আমার সামনে বেশ কিছু আয়াত তিলাওয়াত করলো। সে পড়ল,

অর্থ : হা-মীম। এটি পরম করুণাময় অতি দয়ালু সত্তার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এটি এমন কিতাব, যার আয়াতগুলোকে আলাদা আলাদা করে করে বর্ণনা করা হয়েছে। আরবি কুরআন বুঝতে পারে এমন সম্প্রদায়ের জন্য। মানুষকে সুসংবাদ দানকারী ও সতর্ককারী। … এক পর্যায়ে পড়ল।

অর্থ : তারা যদি আপনার কথা প্রত্যাখ্যান করে তাহলে তাদেরকে বলুন, আমি তোমাদেরকে বজ্রপাতের ভীতি প্রদর্শন করছি, যেমন বজ্রপাত হয়েছিল আদ ও সামুদ সম্প্রদায়ের ওপর।
তখন আমি তার মুখ চেপে ধরলাম এবং আত্মীয়তার শপথ দিয়ে তাকে সামনে তিলাওয়াত বন্ধ করতে বললাম। আর তোমরা তো জান, মুহাম্মদ যখন কিছু বলে ফেলে তখন তার ব্যতিক্রম হয় না। তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে, তোমাদের ওপর আজাব নেমে আসে কি-না।
এরপর ওতবা একটু নীরব রইল। সে ভাবনার সাগরে ডুবে গেল। বৈঠকের লোকেরা গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল।
ভাবনার জগত থেকে ফিরে এসে ওতবা বললো, আল্লাহর শপথ! মুহাম্মদের কথায় এক ধরনের মধু আছে। তার কথায় এক রকমের রসও আছে। তার কথায় থাকে উপকারী ফলের সমাহার। আর গোড়ায় থাকে সুমিষ্ট পানির প্রস্রবণ। কথার আসরে সে থাকে সবার ওপরে। তার ওপরে যাওয়া কখনো সম্ভব নয়। সে প্রতিপক্ষের সবকিছু ভেঙ্গে চুরমার করে দেয়। সে যা বলছে, এরূপ কথা কোনো মানুষ বলতে পারে না।
তারা বললো, \’ওতবা! তুমি যা শুনেছ, তা তো কবিতা।
ওতবা বললো, আল্লাহর কসম! তোমরা এখানে যারা আছ, তাদের কেউ আমার চেয়ে কবিতা সম্পর্কে বেশি জান না। কবিতার অন্তঃমিল এবং ছন্দের কলকব্জার ব্যাপারে আমার চেয়ে দক্ষ ও অভিজ্ঞ এখানে কেউ নেই। এমনকি জ্বিনদের কবিতা সম্পর্কেও আমার চেয়ে বেশি অভিজ্ঞ এখানে কেউ নেই। আল্লাহর কসম! মুহাম্মদ যা বলেছে সেগুলো এর কোনোটির সঙ্গেই সাদৃশ্যপূর্ণ নয়।
ওতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর ব্যাপারে তাদের সঙ্গে বাদানুবাদ করতে লাগল। ওতবা ইসলাম গ্রহণ করে নি ঠিক, তবে ইসলামের প্রতি তার মন ঝুঁকে গিয়েছিল। ইসলামের প্রতি তার ভালোলাগা সৃষ্টি হয়েছিল।
একটু ভাবুন। উত্তম ও মাধুর্যপূর্ণ আচরণের এবং উন্নত ব্যবহারের প্রভাব কত গভীর। অথচ ওতবা ছিল ইসলাম ও মুসলমানদের চরম দুশমন।
আরেক দিনের ঘটনা। কুরাইশের লোকেরা সমবেত হয়ে হুসাইন বিন মুনযির খোযায়ীকে আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলার জন্য পাঠালো। সে ছিল প্রসিদ্ধ সাহাবী ইমরান বিন হুসাইনের পিতা।
আবূ ইমরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করলো। রাসূলকে ঘিরে সাহাবায়ে কেরাম বসে আছেন। আবূ ইমরান রাসূলের সাথে কথা বলতে শুরু করলো। তার কথায় নতুনত্ব ছিল না। সে তাই বললো, যা কোরাইশরা সবসময় বলতো। তুমি আমাদের গোত্রীয় সংহতি নষ্ট করেছ। আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছ। আমাদের পরিবারগুলো ধবংস করে দিয়েছ।..
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগের সঙ্গে তার কথা শুনলেন। সে যখন তার কথা শেষ করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আবূ ইমরান! তোমার কথা কি শেষ হয়েছে।
সে বললো, হ্যাঁ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তাহলে আমি যা জিজ্ঞেস করি, তার উত্তর দাও।
আবূ ইমরান বললো, ঠিক আছে, বলুন আমি শুনছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রতিদিন কতজন মাবুদের ইবাদত কর?
: সাতজনের। পৃথিবীতে আছেন ছয়জন, আর আকাশে আছেন একজন!
: আচ্ছা, এদের মধ্যে কাকে ভয় কর এবং ভালোবাস?
: যিনি আকাশে আছেন কেবল তাকে!
: হুসাইন! তুমি যদি ইসলাম গ্রহণ কর তাহলে আমি তোমাকে এমন দুটি বাক্য শেখাব, যা সবসময় তোমার জন্য উপকার বয়ে আনবে।
আল্লাহর রাসূলের এই কথা শুনে হুসাইন আর দেরি করলো না। সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করেই সে বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমাকে সে বাক্য দুটি শিখিয়ে দিন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবসময় বলবে-

অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে সৎ পথের দিশা দিন এবং আমাকে আমার রিপুর অকল্যাণ থেকে রক্ষা করুন।
আহ! কী চমৎকার ছিল তাঁর আচরণ! কি অমায়িক ছিল তার ব্যবহার। কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেয়ার ক্ষেত্রে এবং তাদেরকে ইসলামে দীক্ষিত করার ক্ষেত্রে এর বিকল্প নেই।
জনৈক মুসলিম যুবক পড়াশোনা করতে জার্মানিতে গিয়েছিল। সেখানে সে একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকত। তার পাশের ফ্ল্যাটেই থাকত একজন জার্মান যুবক। দুজনের মাঝে তেমন সম্পর্ক ছিল না। একজন আরেকজনের প্রতিবেশি, শুধু এতটুকু সম্পর্কই ছিল।
জার্মান যুবকটি একদিন কোথাও সফরে গেল। হকার এসে প্রতিদিন তার দরজার সামনে পত্রিকা দিয়ে যেত। প্রতিবেশি মুসলিম যুবক একদিন দেখলো, তার সামনের ফ্ল্যাটের দরজার সামনে অনেক পত্রিকা জমা হয়ে আছে। খোঁজ নিয়ে সে জানতে পারল, তার প্রতিবেশি যুবক কোথাও সফরে গেছে। তখন সে পত্রিকাগুলো তার নিজের ড্রয়ারে সংরক্ষণ করে রাখল। প্রতিদিন সে পত্রিকা সংগ্রহ করে সেগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিত।
দু তিন মাস পর জার্মান যুবকটি ফিরে এল। মুসলিম যুবকটি এর অপেক্ষায়ই ছিল। সে সুযোগমতো গিয়ে তাকে সালাম দিল এবং নিরাপদে প্রত্যাবর্তন করায় তাকে অভিনন্দন জানাল। এরপর তাকে পত্রিকাগুলো দিয়ে বললো, আমার মনে হয় আপনি কোনো প্রবন্ধ নিয়মিত পড়েন অথবা পত্রিকার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। আপনার প্রবন্ধ পাঠ বা প্রতিযোগিতায় অংশগ্রহণ যেন ব্যাহত না হয় তাই আমি এগুলো সংরক্ষণ করে রেখেছি
তার এ কাজ দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি এর জন্য কোনো বিনিময় বা প্রতিদান চান?
সে বললো, না, না। কোনো বিনিময়ের জন্য আমি এ কাজ করি নি। আমাদের ধর্মই আমাদেরকে প্রতিবেশির সঙ্গে সদাচরণ করার শিক্ষা দেয়। আপনি আমার প্রতিবেশি। আপনার সঙ্গে সদাচরণ করা আমার নৈতিক দায়িত্ব।
এভাবে বিভিন্ন ক্ষেত্রে সে তার সঙ্গে সদাচরণ করে যেতে লাগল। একসময় সে জার্মান যুবক ইসলাম গ্রহণ করলো।
প্রিয় পাঠক! আল্লাহর কসম, এভাবেই জীবনকে উপভোগ করতে হয়। ভোগে সুখ নেই, ত্যাগেই রয়েছে প্রকৃত সুখ। আপনার আচরণ যদি সুন্দর করেন তাহলে আপনার জীবন হবে উপভোগ্য ও সুখময়। উপলব্ধি করতে চেষ্টা করুন, ডানদিকের সংখ্যার মতো আপনারও মূল্য আছে। আপনি সবকাজ আল্লাহর ইবাদত হিসেবে করবেন। এমনকি মানুষের সঙ্গে আপনার আচরণকেও যদি আপনি আপনার ইবাদতেরই অংশ মনে করেন তাহলে তাতেও আপনি পাবেন সীমাহীন প্রতিদান।
অমুসলিমদের একটি বড় অংশ কোনো কোনো মুসলমানদের অনৈতিক আচরণের কারণে ইসলাম থেকে দূরে সরে রয়েছে। মুসলমানরা কখনো তাদের অমুসলিম কর্মচারীর ওপর অত্যাচার করে, কখনো লেনদেনের ক্ষেত্রে তাদেরকে ধোঁকা দেয়, আবার কখনো কাফের প্রতিবেশিকে কষ্ট দেয়।
তাই আসুন, আজ থেকে জীবনের পথচলা নতুন করে শুরু করি। চারিত্রিক মাধুর্যতা দিয়ে অমুসলিমদের হৃদয় মন জয় করতে চেষ্টা করি।

আলোকচ্ছটা…

শুধু কথা নয় যার আচরণ মানুষকে আকৃষ্ট করে সেই তো শ্রেষ্ঠদাঈ।