প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ-৮ম সংখ্যা, ফেব্রুয়ারী ২০১৭, রবি.সানি-জমা.আউ ১৪৩৮ হিজরী, মাঘ-ফাল্গুন ১৪২৩বঙ্গাব্দ’ সংখ্যায়

১. রাস্তাঘাটে চলাফেরা করার সময়ও পর্দা রক্ষা করে চলতে হবে। সুগন্ধি ব্যবহার করে নারীদের রাস্তাঘাটে বের হওয়া নিষেধ। রাস্তায় হাটতে-চলতে দৃষ্টি নীচু রাখতে হবে। অপ্রয়োজনে রাস্তায় বসা নিষেধ। একান্তই রাস্তায় বা রাস্তার পাশে বসতে হলে নিজের দৃষ্টিকে নীচু রাখতে হবে। পর-নারী, পরপুরুষ বা অশ্লীল ছবির দিকে তাকানো যাবে না।

২. হযরত আবু সাঈদ খুদরী (রা.) হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন:
اِيَّاكُمْ وَالْجُلُوْسِ بِالطُّرْقَاتِ، فَقَالَ : يَا رَسُوْلَ اللهِ مَا لَنَا مَنْ مَجَالِسِنَا بُدُّ، نَتَحَدَّثُ فِيْهَا قَالَ : فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجْلِسَ فَأَعْطُوْا الطَّرِيْقَ حَقَّه، قَالُوْا : وَمَا حَقُّ الطَّرِيْقِ يَا رَسُوْلَ اللهِ؟ قَالَ : غَضُّ الْبَصَرِ ، وَكَفُّ الْاَذٰى ، وَرَدُّ السَّلَامِ ، وَالْاَمْرِ بِالْمَعْرُوْفِ وَالنَّهْىِ عَنِ الْمُنْكَرِ ـ

খবরদার! তোমরা পথের উপর বসো না। তাঁরা বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমরা তো পথের উপর বসেই কথাবার্তা বলি। এ ছাড়া আমাদের অন্য কোন উপায়ও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি তোমাদের নিতান্তই বসতে হয় তবে পথের হক আদায় করো। তাঁরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! পথের হক কী? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: দৃষ্টি নীচু রাখবে, কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে, সালামের উত্তর দেবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে। (বুখারী ও মুসলিম)

৩. ফেৎনা থেকে বাঁচার জন্য পুরুষগামী জনপথ দিয়ে নারীরা চলাচল করবে না, বরং জনপথের কিনার দিয়ে চলাচল করবে। তাদের যেখানে মসজিদে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে, সেখানেও তাদের পিছের সারিতে থাকতে বলা হয়েছে। হাদীসে স্পষ্ট উল্লেখ আছে:
خَيْرٌ فُضُوْلِ النِّسَاءِ اٰخِرُهَا وَشَرُّهَا اَوَّلُهَا ـ

নারীদের উত্তম সারি হচ্ছে পিছনের সারি। আর তাদের সামনের সারি হচ্ছে নিকৃষ্টতম। (মুসলিম, রিয়াযুস সালেহীন, পৃ:৪৫৫)
আর পুরুষদের জন্য ওই হাদীসেই বর্ণিত আছে, তাদের জন্য উত্তম সারি হচ্ছে প্রথম সারি, আর নিকৃষ্টতম সারি হচ্ছে শেষ সারি। অনুরূপভাবে মসজিদ থেকে ফেরার সময় নারীদের আগে এবং পুরুষদের পরে বের হওয়ার কথা বলা হয়েছে। আর পুরুষদের সাথে একত্রে গেলে রাস্তার পাশ দিয়ে যেতে বলা হয়েছে।

৪. হযরত আবু উসায়েদ আল আনসারী (রা.) বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদ থেকে বাইরে এসে দেখেন যে, পথে নারী পুরুষরা মিশ্রভাবে চলছে। এ অবস্থা দেখে তিনি মহিলাদেরকে বললেন,
اسْتَأْخِرْنَ ، فَاِنَّه لَيْسَ لَكُنَّ اَنْ تَحَقَّقْنَ الطَّرِيْق ، عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيْقِ ـ

তোমরা পিছনে সরে যাও। কেননা তোমাদের জন্য মাঝপথে চলার অধিকার নেই। তোমরা পথের এক পাশ দিয়ে চলবে।
হাদীসটির বর্ণনাকারী সাহাবী বলেন, তারপর থেকে মহিলারা দেয়ালের সাথে এমন ভাবে ঘেষে চলতে লাগলেন যে, তাদের কাপড় দেয়ালে আটকে যেত। (আবু দাউদ, বায়হাকী, শুআবুল ঈমান)

৫. প্রথমত: মহিলাদের জন্য (বিনা প্রয়োজনে) ঘর থেকে বের হওয়াই নিষিদ্ধ। যদি নিতান্ত কোন প্রয়োজনে পর্দার সাথে বের হয় তবে পুরুষদের থেকে বেঁচে পথের এক কিনারা দিয়ে চলবে। পুরুষদের ভিড়ে ঢুকে পড়া এবং মধ্য পথে চলা তাদের জন্য নিষিদ্ধ। যদি মহিলারা এ নির্দেশ না মানে এবং মাঝ পথ দিয়েই চলাফেরা শুরু করে, তবে পুরুষদের জন্য তাদের সাথে ঘেষে যাওয়া উচিত হবে না। আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষদেরকে মহিলাদের মাঝে চলতে নিষেধ করেছেন।

যানবাহনে পর্দা

ক) বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে যানবাহনে চড়তে হয়। যানবাহনে করে যাতায়াতকালে যথাযথভাবে পর্দা বজায় রেখে চলতে হবে। যথাসম্বব মাহরামকে সাথে করে মহিলারা যানবাহনে উঠবেন। যানবাহনে উঠার সময় যথাসম্ভব ভীড় এড়িয়ে উঠবেন। যানবাহনে উঠার জন্যে বেগানা নারী-পুরুষ ধাক্কাধাক্কি, ঠাসাঠাসি করে উঠা হারাম। পুরুষের ভীড়ে নারীদের যাওয়া নিষেধ। বেগানা নারী-পুরুষ একজন আরেকজনের গা ঘেষে পাশাপাশি দাড়ানো বা এক সিটে বসা হারাম। একান্ত প্রয়োজনে ভীড় এড়িয়ে মাহরামসহ যানবাহনে উঠবেন। নারীরা পুরো শরীর ঢেকে শুধুমাত্র এক বা দু চোখ খোলা রাখবেন।

খ) নারীদের জন্য সংরক্ষিত পৃথক সিটে বসবেন
কোনো ক্রমেই বেগানা নারী-পুরুষ একত্রে একই সিটে বসবেন না। যথাসম্ভব দৃষ্টিকে নীচু রাখবেন। অবৈধ কোনো দৃশ্যের দিকে চোখ গেলে দৃষ্টিকে সাথে সাথে অন্য দিকে ফিরিয়ে নিবেন। যথাসম্ভব দৃষ্টিকে নীচু রাখবেন। এ দিক সে দিক, অন্য গাড়ীর ভেতরে বা রাস্তার পাশের বাড়ীর ভেতরে তাকাবেন না। সিএনজি বা ট্যাক্সিতে একাকী বেগানা নারী-পুরুষ একত্রে যাতায়াত করা জায়েজ নয়।

গ) ড্রাইভারের সাথে মহিলাদের যাতায়াত
ড্রাইভারের সাথে একাকী কোন মহিলার-নিজের এলাকার ভেতরে হোক কিংবা বাইরে কোথাও যাওয়া জায়িয হবে না। কেননা কোন পরপুরুষের সাথে কোন মহিলার একান্তে অবস্থান করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেন, لا يخولن رجل بامراة কোন পুরুষ যেন কোন মহিলার সাথে একান্তে সময় যাপন না করে। (সহীহ আল বুখারী, (কিতাবুল জিহাদ), হাদীস নং-২৮৪৪; সহীহ মুসলিম, (কিতাবূল হজ্জ), হাদীস নং-৩২৫৯)

তবে যদি গাড়িতে একাধিক বিশ্বস্তা মহিলা একত্রে আরোহন করে এবং ড্রাইভারের সাথে কোথাও কোন মহিলার একান্তে অবস্থানের সুযোগ না থাকে, তাহলে নিজের এলাকার মধ্যে ড্রাইভারের সাথে জরুরী কাজে বাইরে যেতে কোন অসুবিধা নেই, যদি ড্রাইভার পরীক্ষিত ও বিশ্বস্ত হয়। যদি ড্রাইভার বিশ্বস্ত ও পরীক্ষিত না হয়, তাহলে কোন বয়ঃপ্রাপ্ত মাহরাম পুরুষ ছাড়া ড্রাইভারের সাথে একাকী মহিলাদের কোথাও যাওয়া জায়িয হবে না।