প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ৬ষ্ঠ সংখ্যা, ডিসেম্বর ২০১৫, সফর-রবি আউঃ ১৪৩৭ হিজরী, অগ্র-পৌষ ১৪২২ বঙ্গাব্দ’ সংখ্যায়

সা’দ ইবনুর রাবী আল-আনসারী মদীনার খাযরাজ গোত্রের বনু আল-হাদিস শাখার সন্তান। হায়সাম উল্লেখ করেছেন, আবুর রাবী তার কুনিয়াত বা ডাকনাম। পিতা আর-রবী ও মাতা হুযাইলা বিন্তু ইন্বা। সীরাত বিশেষজ্ঞরা তার জন্মসন সম্পর্কে নীরব। (আনসাবুল আশরাফ-১/২৪৪, তাবাকাত-৩/৫২২, উসুদুল গাবা-২/২৭৭)

সা’দ ইবনুর রাবীর ইসলাম গ্রহণের সময়কাল সম্পর্কে মতভেদ দেখা যায়। আবু নুয়াইম তার দালায়িল গ্রন্থে আকীল ইবন আবী তালিব ও যুহরী থেকে বর্ণনা করেছেন, প্রথম আকাবায়, যে বার ছয়জন ইয়াসরিববাসী মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে বায়াত করেন তাদের একজন ছিলেন সা’দ। সেই ছয় ব্যক্তি হলেন: ১. আসয়াদ ইবন যুরারা ২. আবুল হায়সাম ইবন আত-তায়্যিহান ৩. আবদুল্লাহ ইবন রাওয়াহা ৪. সা’দ ইবনুর রাবী ৫. আন-নুমান ইবন হারিসা ও ৬. উবাদা ইবনুস সামিত। (হায়াতুস সাহাবা-১/১০৫) পক্ষান্তরে কোন কোন বর্ণনায় বুঝা যায়, তিনি দ্বিতীয় আকাবার বারো সদস্যের অন্যতম সদস্য ছিলেন। তিনি এই দ্বিতীয় আকাবায় ইসলাম গ্রহণ করেন। তৃতীয় আকাবায় তিহাত্তর মতান্তরে পঁচাত্তর জন লোকের সঙ্গে তিনি যোগ দেন। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ও আবদুল্লাহ ইবন রাওয়াহাকে তাদের গোত্র বনু আল-হাদিস ইবনুল খাযরাজের যুগ্ম নাকীব বা দায়িত্বশীল নিয়োগ করেন। (তারীখুল ইসলাম ওয়া তাবাকাতুল মাশাহীর ওয়াল আলাম-১/১৮১, তাবাকাত-৩/৫২২, উসুদুল গাবা-২/২২৭)

ইবন হিশাম বর্ণনা করেন: হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে যে দিন মদীনায় উপস্থিত হন, মদীনার সকল শ্রেণীর মানুষ তাকে স্বাগত: জানায়। তিনি বিভিন্ন গোত্রের ভিতর দিয়ে চলছিলেন, আর সেই গোত্রের লোকেরা তার বাহনের পথ রোধ করে তাদের ওখানে অবতরণের আবেদন জানাচ্ছিল। যখন তিনি বনু আল-হারিস ইবনুল খাযরাজের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন সা’দ ইবনুর রাবী খারিজা ইবন যায়িদ ও আবদুল্লাহ ইবন রাওয়াহা বনী হারিসার আরও কিছু লোক সঙ্গে নিয়ে রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারীর সামনে এসে দাঁড়িয়ে আরজ করলেন: ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাদের সংখ্যা, সাজ-সরঞ্জাম ও প্রতিরক্ষার দিকে আসুন। (অর্থাৎ আপনাকে সম্মানের সাথে আশ্রয় দানের মত ক্ষমতা আমাদের আছে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমরা আমার বাহনের পথ ছেড়ে দাও। সে আল্লাহর নির্দেশ প্রাপ্ত তারা সবাই পথ থেকে সরে দাঁড়ালেন। (সীরাতু ইবন হিশাম-১/৪৯৫)

যুহরী ও মুহাম্মদ ইবন ইসহাক বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনুর রাবী ও আবদুর রহমান ইবন ‘আউফের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। হযরত সা’দ তার এই মুহাজির ভাইয়ের প্রতি যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখান দুনিয়ার ইতিহাসে তার কোন তুলনা পাওয়া যাবে না। অন্যান্য আনসারগণ নিজ নিজ অর্থ-সম্পদ, জায়গা-জমি সবই অর্ধেক তার দ্বীনী মুহাজির ভাইকে ভাগ করে দেন, কিন্তু হযরত সা’দ অর্থ-সম্পদ ছাড়াও একজন স্ত্রীকে তালাক দিয়ে তার দ্বীনী ভাইকে দেওয়ার প্রস্তাব করেন। আর আব্দুর রহমান যদিও সে সময় রিক্ত ও নি:স্ব, তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। তিনি সা’দের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সম্পর্কে আনাস ইবন আউফ থেকে বর্ণিত হয়েছে : সা’দ তার দ্বীনী ভাইকে সঙ্গে করে নিজ গৃহে নিয়ে যান এবং এক সাথে আহার করেন। তারপর বলেন : আল্লাহর নামে আপনি আমার ভাই। আপনার স্ত্রী নেই, কিন্তু আমার দুই স্ত্রী। একজনকে আমি তালাক দেব, আপনি তাকে বিয়ে করবেন। আব্দুর রহমান বলেন: আল্লাহর কসম! কক্ষনো না। সা’দ বললেন: আমার বাগানে চলুন, আধা-আধি ভাগ করে নিই। আব্দুর রহমান বললেন: না। আল্লাহ আপনার ছেলে-মেয়ে ও মাল-দৌলতে বরকত ও সমৃদ্ধি দান করুন। এসবের কোন কিছুর প্রয়োজন আমার নেই। আমাকে শুধু বাজারের পথটি একটু দেখিয়ে দিন। (আল-ইসাবা-৩/২৬, উসুদুল গাবা-২/২৭৮, তাবাকাত-৩/৫২৩)

হযরত সা’দ বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধে তিনি বনী মাখযুমের রিফায়া ইবন রিফায়াকে হত্যা করেন। (সীরাতু ইবন হিশাম-১/৭১১, তাবাকাত-৩/৫২৩)

উহুদ যুদ্ধের প্রাক্কালে মক্কার কুরাইশরা ব্যাপক প্রস্তুতি শুরু করলো। তাদের সেই সময় প্রস্তুতির খবর দিয়ে একটি চিঠি মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবন আবদুল মুত্তালিব গোপনে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালেন। চিঠিতে তিনি তাদের প্রস্তুতির বিবরণ দিয়ে এ কথাও লিখেন যে, তারা তোমাদের ওপর আপতিত হলে, তোমরা যা ভালো মনে কর তাই করবে এবং সেই জন্য প্রস্তুতি নাও। বনী গিফারের একটি লোক অত্যন্ত বিশ্বস্ততার সাথে কুবায় রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে চিঠিটি পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তা উবাই ইবন কাবকে পড়তে দেন এবং গোপন রাখতে বলেন। তারপর সা’দ ইবনুর রাবীর নিকট আসেন এবং তাকেও বিষয়টি অবহিত করেন। তাকেও কথাটি কারও নিকট ফাঁস না করার নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর সা’দের স্ত্রী সা’দকে জিজ্ঞেস করলো: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বললেন?
সা’দ: তোমার মা নিপাত যাক। তোমার তা শোনার কি প্রয়োজন?
স্ত্রী : আমি তোমাদের সব কথা শুনেছি। এই বলে তিনি সব কথা সা’দকে শোনান। সা’দ ইন্নালিল্লাহ পাঠ করে বললেন: দেখছি, তুমি আমাদের কথা আঁড়ি পেতে শুনে থাক। সা’দ তার স্ত্রীকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলেন এবং সব ঘটনা খুলে বলার পর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ: আমার ভয় হচ্ছে, খবরটি হয়তো ছড়িয়ে পড়বে, আর আপনি ধারণা করবেন আমিই তা ছড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: বিষয়টি ছেড়ে দাও। (আনসাবুল আশরাফ-১/৩১৩-৩১৪)

হিজরী তৃতীয় সনে সংঘটিত উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেন। তাকে একদল প্রতিপক্ষ যোদ্ধা পরাস্ত করে হত্যা করে। বর্শার মোট বারোটি আঘাত লাগে। তিনি যখন মুহূর্ষু অবস্থায় যুদ্ধের ময়দানে পড়ে আছে তখন মালিক ইবন দুখশান তার কাছে এসে জিজ্ঞেস করেন: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিহত হয়েছেন, তুমি জান? সা’দ জবাব দেন, তিনি নিহত হলেও আল্লাহ চিরঞ্জীব, তাঁর মৃত্যু নেই। তুমি তোমার দ্বীনের পক্ষে জিহাদ কর। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার রবের বাণী ও দ্বীনের বিধি-বিধান পৌঁছানোর দায়িত্ব পূর্ণরূপে পালন করে গেছেন। (আনসাবুল আশরাফ-১/৩২৭, তাবাকাত-৩/৫২৩)

উহুদের যুদ্ধ শেষে হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: কেউ সা’দ ইবনুর রাবীর খোঁজ নিয়ে আসতো। এক ব্যক্তি বললেন: আমি যাচ্ছি। যারকানী বলেন, লোকটি পড়ে থাকা লাশগুলির চারপাশে চককর দিয়ে সা’দের নাম ধরে জোরে ডাক দিলেন। কোন সাড়া পাওয়া গেল না। কিন্তু যখন তিনি এই কথা বলে চিৎকার করলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খোঁজে আমাকে পাঠিয়েছেন। তখন ক্ষীণকণ্ঠের একটা আওয়াজ ভেসে এল: আমি মৃতদের মধ্যে। তখন তার জীবনের শেষ মুহূর্ত। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, জিহ্বাও আয়ত্তে নেই। অন্য একটি বর্ণনা মতে, লোকটি যখন তার খোঁজে ঘুরাঘুরি করছে, তখন সা’দই তাকে ডাক দেন। যাই হোক, সেই অবস্থায় সা’দ তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছিয়ে বলবেন, আমাকে বারোটি আঘাত করা হয়েছে। আমিও আমার হত্যাকারীকে হত্যা করেছি। আর আনসারদের বলবেন, যদি দুর্ভাগ্যবশত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হন, আর তোমাদের একজনও জীবিত ফিরে যাও, আল্লাহকে মুখ দেখানোর যোগ্য তোমরা থাকবে না। কারণ, লাইলাতুল আকাবায় (আকাবার রাত্রি) তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছিলে। কোন কোন বর্ণনায় এই ব্যক্তির নাম উবাই ইবন কাব বলা হয়েছে। তিনি সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সা’দের পবিত্র রূহ তার নশ্বর দেহ থেকে বেরিয়ে যায়। (তাবাকাত-৩/৫২৩-২৪, আল-ইসতীয়াব-২/৩৪, তাহজীবুল আসমা ওয়াল লুগাত-১/২১০, আল-ইসাবা-২/২৭)

হযরত উবাই ইবন কাব ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সা’দের অন্তিম কথাগুলি পৌঁছালে তিনি বলেন, আল্লাহ তার ওপর করুণা বর্ষণ করুন। জীবন-মরণ উভয় অবস্থায় সে আল্লাহ ও তার রাসূলকে উপদেশ দিয়েছে। (উসুদুল গাবা-২৭৭) উহুদের অন্য এক শহীদ খারিজা ইবন যায়িদ ও সা’দকে উহুদের প্রান্তরে একই কবরে দাফন করা হয়। খারিজা ছিলেন সম্পর্কে সা’দের চাচা।

সা’দের মৃত্যুর পর তার ভাই জাহিলী প্রথা অনুসারে তার সকল সম্পত্তি দখল করে নেয়। সা’দ গর্ভবতী স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে যান। তখনও মীরাসের (উত্তরাধিকার) আয়াত নাযিল হয়নি। জাবির ইবন আবদিল্লাহ বর্ণনা করেন। সা’দের মৃত্যুর পর তার স্ত্রী একদিন তার দুই কন্যাকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন: ইয়া রাসূলুল্লাহ! এরা সা’দের কন্যা। ওদের পিতা উহুদে শাহাদত বরণ করেছে। আর ওদের চাচা সকল সহায়-সম্পত্তি আত্মসাৎ করে বসেছে, ওদেরকে কিছুই দেয়নি। অর্থ-সম্পদ ছাড়া ওদের বিয়ে শাদী হবে কেমন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আল্লাহ তা’য়ালা ওদের ব্যাপারে ফায়সালা দেবেন। এর পরই সূরা নিসার ১১ নং আয়াতের এই অংশটুকু নাযিল হয় : ‘যদি কন্যা কেবল দুই-এর অধিক হয় তাহলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ।

* উপরোক্ত আয়াত নাযিলের পর হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে দু’টির চাচাকে ডেকে নির্দেশ দেন’ সা’দের পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ তার দুই মেয়েকে, এক-অষ্টমাংশ তাদের মাকে দেওয়ার পর বাকীটা তুমি গ্রহণ কর। (আল-ইসাবা-২/২৭, তাবাকাত-৩/৫২৪, উসুদুল গাবা-২/২৭৮, তাহজীবুল আসমা ওয়াল লুগাত-১/২১০, তাছাড়া ইমাম আহমাদ, আবু দাউদ, তিরমিজি ও ইবন মাজা এই হাদীসটি বর্ণনা করেছেন।)

হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সা’দের কন্যা ও স্ত্রীদের জন্য এই ফায়সালা দান করেন তখনও মাতৃগর্ভের সন্তানের কোন মীরাস বা উত্তরাধিকার নির্ধারিত হয়নি। এই ঘটনার অনেক পরে গর্ভের সন্তানের মীরাস দেওয়ার বিধান হয়। সা’দের স্ত্রী গর্ভের সেই সন্তানটি ভূমিষ্ট হয়। তার নাম রাখা হয় উম্মু সা’দ বিনতু সা’দ এবং পরবর্তীকালে তিনি যায়িদ ইবন সাবিতের স্ত্রী হন। খলীফা হযরত ‘উমারের (রা.) খিলাফতকালে যায়িদ তার স্ত্রীকে বললেন, তুমি ইচ্ছা করলে তোমার পিতার মীরাসের ব্যাপারে আমীরুল মুমিনীনের সাথে কথা বলতে পার। বর্তমানে তিনি গর্ভের সন্তানদের মীরাসের অংশ দান করছেন। উম্মু সা’দ বললেন: আমি আমার বোনদের কাছে কিছুই দাবি করবো না। (আনসাবুল আশরাফ-১/৩৩৮)

সেই জাহিলী আরবে যখন লেখার খুব কম প্রচলন ছিল, হযরত সা’দ লেখা জানতেন। (তাবাকাত-৩/৫২২, তাহজীবুল আসমা-১/২১০) যেহেতু তিনি গোত্রীয় নেতার সন্তান ছিলেন, তাই শিক্ষার বিশেষ সুযোগ লাভ করেছিলেন এবং লেখাও শিখেছিলেন। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শোনা কিছু হাদীসও মুখস্ত করেছিলেন। (উসুদুল গাবা-২/২৭৮)
তার ঈমানী জোশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রবল ভালোবাসার প্রকাশ ঘটেছিল আকাবার বাই’য়াত, উহুদের যুদ্ধ এবং মৃত্যুর পূর্বে করে যাওয়া অসীয়াতের মধ্যে।

এই সব কারণে সাহাবায়ে কিরামের নিকট হযরত সা’দের একটা বিশেষ মর্যাদা ও সম্মান ছিল। তার এক কন্যা একবার হযরত আবু বকরের (রা.) নিকট আসলে তিনি তার বসার জন্য নিজের কাপড় বিছিয়ে দেন। তা দেখে হযরত উমার (রা.) জিজ্ঞেস করেন: মেয়েটি কার? খলীফা বললেন: এ সেই ব্যক্তির মেয়ে-যিনি তোমার ও আমার চেয়ে উত্তম ছিলেন। আবার প্রশ্ন করলেন: এমন মর্যাদা কি জন্য? বললেন: তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জান্নাতে পৌঁছে গেছেন আর তুমি-আমি এখনও এখানে পড়ে আছি। (আল-ইসাবা-২/২৭)

আবু বকর আয-যুবায়রী বর্ণনা করেন: এক ব্যক্তি খলীফা আবু বকরের কাছে গিয়ে দেখলেন, তিনি সা’দ ইবনুর রাবীর ছোট্ট একটি মেয়েকে বুকের মধ্যে নিয়ে তার লালা মুছে দিচ্ছেন ও চুমু খাচ্ছেন। লোকটি জিজ্ঞেস করল, মেয়েটি কে? তিনি জবাব দিলেন, এ এমন এক ব্যক্তির মেয়ে যিনি তোমার ও আমার চেয়ে উত্তম। এ সা’দ ইবনুর রাবীর মেয়ে। তিনি ছিলেন আকাবার নাকীব, বদরের যোদ্ধা ও উহুদের শহীদ। (সীরাতু ইবন হিশাম-২/৯৫)