প্রকাশিত হয়েছে: ‘৭৭বর্ষ- ৭ম সংখ্যা, ডিসেম্বর ২০১৭, সফর-রবি আউঃ ১৪৩৯ হিজরী,অগ্রহায়ন-পৌষ ১৪২৪বঙ্গাব্দ ‘ সংখ্যায়

ইনশাআল্লাহ্ আগামী ২৬ শে ডিসেম্বর, ২০১৭ ইং মঙ্গলবার হতে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক ফুরফুরা দরবারের দারুস্সালাম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব। ২৯ শে ডিসেম্বর জুমু’আর সময় আখেরী বয়ান ও মুনাজাতের মধ্য দিয়ে মাহ্ফিল শেষ হবে ইনশা-আল্লাহ। ষাটের দশকের শেষের দিকে ফুরফুরার পীর শায়খুল ইসলাম হযরত মাওলানা আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী-(রহ.) ঢাকার কল্যাণপুর সংলগ্ন বড় সয়েক এলাকায় প্রায় বিশ বিঘা জমি ক্রয় করেন ‘মার্কাজে ইশাআতে ইসলাম’ নামে তাজমহলের নকশায় বহুমুখি ইসলাম প্রচার কেন্দ্র প্রতিষ্ঠার জন্য। প্রাথমিকভাবে সত্তর দশকের শুরুতে এই জমিতে তিনি ফুরফুরার কায়েম মোকাম ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব প্রতিষ্ঠা করেন; ধান ক্ষেত পরিষ্কার করে সেই নীচু- উন্মুক্ত মাঠে, যা বছরের কিছু সময় পানিমগ্ন থাকতো, ওয়াজ মাহফিল শুরু হয়।

সেই থেকে অদ্যাবধি প্রায় পঞ্চাশ বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিল। দারুসসালাম মার্কাজে ইশা’আতে ইসলাম কমপ্লেক্স-বর্তমানে দেশ বিখ্যাত বহুমুখি ইসলাম প্রচারকেন্দ্র। মসজিদ,কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা,এতিমখানা, কিন্ডারগার্ডেন মাদ্রাসা তারবিয়াতুল মিল্লাত একাডেমি (আধুনিক শিক্ষার সমন্বয়), ওয়াজ মাহফিলের মাঠ, ইশাআতে ইসলাম কুতুবখানা, কুরআন-হাদীস রিসার্চ সেন্টার, মাসিক নেদায়ে ইসলাম, সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশন কুরআনী-সুন্নী জমিয়তুল মুসলিমীন হিযবুল্লাহ, হিলফুল ফুযুল, ফাতেমা জামাত, আঞ্জুমানে ওয়ায়েজীন ও ইত্তেহাদুল ওলামা ইত্যাদি বহুমুখি প্রতিষ্ঠান ও সংগঠনের কার্যক্রম এ কমপ্লেক্স হতে পরিচালিত হচ্ছে। এ কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ এই বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব।

হযরত গদ্দীনশীন পীর সাহেব হুজুরের পক্ষ থেকে জমিয়তুল মুসলিমীন হিযবুল্লাহর সকল পর্যায়ের মুবাল্লিগ ও হিলফুল ফুযুলের সদস্য ভাইদেরকে এখন থেকেই মাহফিলের জন্য সর্বাত্মক দাওয়াত ও প্রচার কার্য পরিচালনা এবং প্রথম দিন হতেই যাতে সবাই মাহফিলে হাজির হতে পারেন সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং, মোবাইল, ব্যক্তিগত যোগাযোগ ইত্যাদি যে যেভাবে পারি প্রচার করতে থাকি। আমার দাওয়াতে একটা লোকও যদি মাহফিলে হাজির হয়, আল্লাহ হেদায়েত করেন, কিছু নেক আমল করে, পাপ কাজ পরিত্যাগ করে, তবে তাতে আমি অফুরন্ত সাওয়াব লাভ করবো এবং তা আমার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে ইনশা-আল্লাহ। আল্লাহপাক আমাদের সবাইকে নির্দিষ্ট সময়ে মাহ্ফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখিরাতের কামিয়াবী ও নেয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমীন।