প্রকাশিত হয়েছে: ‘৭৭বর্ষ ১ম সংখ্যা, জুলাই ২০১৭, রমজান-শাওয়াল ১৪৩৮ হিজরী, আষাঢ়-শ্রাবন ১৪২৪ বঙ্গাব্দ ‘ সংখ্যায়

কোন শহুরে ব্যক্তির অন্য কোন গ্রাম্য ব্যক্তির ক্রয়-বিক্রয়ে দালালি করা

জাবির (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : কোন শহুরে ব্যক্তি যেন কোন গ্রাম্য ব্যক্তির ক্রয়ে-বিক্রয়ে দালালি না করে। আল্লাহ্ তা‘আলা মানুষের কাউকে অন্য কারোর মাধ্যমে রিযিক দিয়ে থাকেন। সুতরাঙ তোমরা এ ব্যাপারে কেউ কারোর উপর হস্তক্ষেপ করো না।
(মুসলিম, হাদীস ১৫২২ আবু দাউদ, হাদীস ৩৪৪২ তিরমিযী, হাদীস ১২২৩ ইবনু মাজাহ, হাদীস ২২০৬)

আনাস্ (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : কোন শহুরে ব্যক্তি যেন কোন গ্রাম্য ব্যক্তির ক্রয়ে-বিক্রয়ে দালালি না করে। যদিও সে তার ভাই বা পিতা হোক। (মুসলিম, হাদীস ১৫২৩ আবু দাউদ, হাদীস ৩৪৪০)

ক্রেতা কিংবা বিক্রেতার একে অপর থেকে অসন্তুষ্ট অবস্থায় বিদায় নেয়া

আবু হুরাইরাহ্ (রা) থেকে বর্ণিত তিনি বলেন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন : ক্রেতা ও বিক্রেতা যেন একে অন্য থেকে কারোর উপর কেউ অসন্তুষ্ট থাকাবস্থায় বিদায় না নেয়। (আবু দাউ, হাদীস ৩৪৫৮)

খাদ্যবস্তু যেভাবে বিক্রি করা নিষেধ

জাবির বিন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত তিনি বলেন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন :
ওজনবিহীন কোন খাদ্য স্তূপ এ জাতীয় অন্য কোন খাদ্য স্তূপের বিনিময়ে অথবা ওজন করা কোন খাদ্যের বিনিময়ে বিক্রি করা যাবে না। (নাসায়ী, হাদীস ৪৫৫০)

কাউকে শিঙা লাগিয়ে পয়সা কামানো

রা’ফি বিন্ খাদীজ (রা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন :
কুকুরের বিক্রিলব্ধ পয়সা নিকৃষ্ট, ব্যাভিচারিণীর ব্যভিচারলব্ধ পয়সা এবং কারোর শরীর থেকে দূষিত রক্ত বের করে উপার্জিত পয়সা নিকৃষ্ট। (মুসলিম, হাদীস ১৫৬৮ আবু দাউদ, হাদীস ৩৮২১)

মু’হায়্যেসা (রা) একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শরীর থেকে দূষিত রক্ত বেরকারীর উপার্জিত পয়সা নেয়ার অনুমতি চাইলে তিনি তাকে তা নিতে নিষেধ করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ ব্যাপারে বারবার জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেন : তুমি তা তোমার উট ও গোলামকে খেতে দাও। (আবু দাউদ, হাদীস ৩৪২২)