প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ ১০ম সংখ্যা, এপ্রিল ২০১৭, জমা.সানি-রজব ১৪৩৮ হিজরী, চৈত্র-বৈশাখ ১৪২৩-২৪বঙ্গাব্দ ‘ সংখ্যায়
১. মুসলিম মহিলা গৃহের মধ্যে মাহরামদের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবেন। পরিস্কার-পরিচ্ছন্নতা, সাজগোছ ও সুগন্ধি ইসলামী জীবন-রীতির অবিচ্ছেদ্য অংশ। ইসলাম নির্দেশ দেয় যে, নারী-পুরুষ উভয়ে বাড়িতে তাদের দাম্পত্য সাথীর জন্য সর্বোত্তম সাজগোছ ও সুগন্ধি ব্যবহার করে থাকবেন। এরূপ সাজগোছ ও সুগন্ধি ব্যবহার ইসলামের দৃষ্টিতে ইবাদত বলে গণ্য। ‘আজীবনের সঙ্গী’ অথবা ‘সবসময় দেখছে’ বলে পরিবারের সদস্যদের সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষার বিরোধী। তবে বাইরে বের হওয়ার সময় মহিলারা তাদের দেহে বা পোশাকে ছড়িয়ে পড়ার মত সুগন্ধি ব্যবহার করবেন না।
২. মুসলিম মহিলাদের জন্য পোশাকে বা শরীরে সুগন্ধি মেখে বাইরে বের হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষভাবে নিষেধ করেছেন। আবু মুসা আশ’আরী (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
ايما امراة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهى زانية .
“যদি কোনো মহিলা সুগন্ধি মেখে মানুষের মধ্যে প্রবেশ করে, যেন মানুষেরা তার সুগন্ধ অনুভব করে, তবে সেই মহিলা ব্যভিচারিণী।” হাদীসটির সনদ সহীহ। (তিরমিযী, আস-সুনান ৫/১০৬; নাসা’ঈ আস-সুনান ৮/১৫৩; আবু দাউদ, ৪/৭৯; হাকিম, আল-মুসতাদরাক ২/৪৩০; আলবানী, জিলবাব, পৃ.১৩৭-১)
৩. এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল ক্ষেত্রে মানুষের মধ্যে সুগন্ধি মেখে গমন করতে নিষেধ করেছেন। মহিলার জন্য বাজার, বিবাহ অনুষ্ঠান, মসজিদ, ওয়াজ-মাহফিল, কর্মস্থল বা যে কোনো স্থানে দেহে অথবা পোশাকে সুগন্ধি ব্যবহার করে গমন করা এ হাদীসের আলোকে নিষিদ্ধ ও কঠিন হারাম।
৪. মুসলিম মহিলার বহির্গমনের একটি বিশেষ কারণ ও স্থান সালাত আদায়ের জন্য মসজিদে গমন করা। এজন্য বিভিন্ন হাদীসে মসজিদে গমনের সময় সুগন্ধি ব্যবহার থেকে বিশেষ করে সতর্ক করা হয়েছে।
৫. আবূ হুরাইরা (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
اِنَّمَا اِمْرَأَةٍ اَصَابَتْ يَخُوْرًا فَلَا تَشْهَدُ مَعَنَا الْعِشَاءَ الاٰخِرَةَ ـ
“যদি কোনো নারী সুগন্ধি অথবা (আগরের) ধুনা বা ধুপ (রহপবহংব) ব্যবহার করে তবে যেন সে আমাদের সাথে সালাতুল ইশায় উপস্থিত না হয়।” (মুসলিম, ১/৩২৮)
৬. রাতের অন্ধকারে এরূপ সুগন্ধি মেখে বহির্গমন অধিক আপত্তিজনক বলেই সম্ভবত এখানে সালাতুল ইশার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ এ নয় যে, অন্যান্য সালাতে সুগন্ধি মেখে উপস্থিত হওয়া বৈধ। বরং এ নির্দেশ সকল সালাতের জন্য এবং সকল সময়ে বহির্গমনের জন্য। উপরের হাদীস থেকে আমরা তা জানতে পেরেছি।
৭. অন্য হাদীসে যাইনাব সাকাফিয়্যাহ (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
اِذَا شَهِدَتْ اِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيْبًا ـ.
“যখন তোমাদের মধ্যকার কোনো মহিলা মসজিদে উপস্থিত হয়, তখন সে যেন সুগন্ধি স্পর্শ না করে।” (মুসলিম ১/৩২৮)
৮. তাবিয়ী মূসা ইবনু ইয়াসার বলেন, এক মহিলা আবূ হুরাইরা (রা.)-এর নিকট দিয়ে গমন করেন। তার দেহ থেকে সুগন্ধি জোরালোভাবে বেরিয়ে আসছিল। তখন তিনি বলেন, হে আল্লাহর বান্দি, তুমি কি মসজিদে যাচ্ছ? মহিলা বলেন, হ্যাঁ। তখন আবু হুরাইরা বলেন, তাহলে তুমি কি মসজিদে গমনের জন্য সুগন্ধি মেখেছ? মহিলা বলেন, হ্যাঁ। আবু হুরাইরা বলেন, তাহলে তুমি ফিরে যেয়ে গোসল কর, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি,
مَا مِنْ امْرَأَةٍ تَخْرُجُ اِلٰى الْمَسْجِدِ تَعْصِفُ رِيْحُهَا فَيَقْبَلُ اللهُ مِنْهَا صَلَاتَهَا حَتّٰى تَرْجِعَ اِلٰ بَيْتِهَا فَتَغْتَسِلَ ـ
“যদি কোনো নারী মসজিদে গমন করার সময় তার সুগন্ধি প্রসারিত হয়, তবে আল্লাহ তার সালাত কবুল করবেন না, যতক্ষণ না সে তার বাড়িতে ফিরে যেয়ে গোসল করে।” হাদীসটির সনদ নির্ভরযোগ্য। (বাইহাকী, আস-সুনানুল কুবরা ৩/২৪৫; আলবানী, জিলবাব, ১৩৮)
৯. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন: “যখন কোনো মহিলা মসজিদে (নামাজের জন্য) যায়, তখন যেন সে (তার শরীরের বা পোশাকের) সুগন্ধি এমনভাবে ধুয়ে ফেলে যেন সে নাপাকী থেকে গোসল করছে।” (নাসা’ঈ)
১০. উপরের হাদীসগুলি থেকে আমরা নিশ্চিতরূপে বুঝতে পারি যে, মসজিদে, বাজারে, বিদ্যালয়ে, মাহফিলে, কর্মস্থলে বা অন্য যেকোনো স্থানে অনাত্মীয় বা দূরাত্মীয় পুরুষদের মধ্যে গমনের সময় দেহে বা পোশাকে সুগন্ধি ব্যবহার করা মুসলিম নারীর জন্য কঠিনভাবে নিষিদ্ধ ও হারাম।
