প্রকাশিত হয়েছে: ‘৭৬বর্ষ- ৫ম সংখ্যা, নভেম্বর ২০১৬, মুহাররম-সফর ১৪৩৭-৩৮ হিজরী, কার্তিক-অগ্রহায়ন ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়
১. জাবির ইবনু আবদুল্লাহ (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : যে ব্যক্তি ইখলাসের সাথে লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। (হাদিসটি সহীহ:ইবনু হিব্বান হা/২০১; আবূ নু‘আইম হিলয়্যা ৭/৩১২; মু‘আয (রা:) হতে, সহীহ জামিউস সাগীর ২/৬৪৩৩; সিলসিলাহ সহীহাহ হা/২৩৫৫; হায়সামী, মাজমাউয যাওয়ায়িদ, হা/১৬)
২. মু‘আয (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : যে ব্যক্তি খালিস অন্তরে ইখলাসের সাথে লা- ইলা-হা ইল্লাল্লা-হ এর সাক্ষ্য দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। (ইবনু হিব্বান, আবূ নুআইম, আহমদ। এর সানাদ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ। সিলসিলাহ সহীহাহ্ হা/২৩৫৫)
৩. ইতবান বিন মালিক (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলবে, ক্বিয়ামাতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে, তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। (মুসনাদে আহমাদ হা/১৬৪৮২, সহীহুল বুখারী, সহীহ মুসলিম, বায়হাক্বীর আসমা ওয়াস সিফাত ও দুররে মানসূর)
৪. ইবনু উমার (রা:) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম তাকে বললেন: লোকদের মাঝে ঘোষণা দাও : যে ব্যক্তি ইখলাসের সাথে এ সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই – সে জান্নাতে প্রবেশ করবে। (বাযযার, সহীহ জামিউস সাগীর হা/৮৫১)
৫. আনাস (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : ক্বিয়ামাতের দিন মহান আল্লাহ বলবেন : হে মুহাম্মাদ! আল্লাহর সৃষ্টির মধ্য হতে তোমার উম্মাতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও যে ইখলাসের সাথে একদিন হলেও এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপরই মৃত্যুবরণ করেছে। (মুসনাদে আহমাদ হা/১২৮২৪, সহীহ আত-তারগীর হা/৩৬৩৯)
৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : ক্বিয়ামাতের দিন আমার শাফা‘আত পাওয়ার ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান হবে ঐ ব্যক্তি যে অন্তর থেকে ইখলাসের সাথে লা- ইলা-হা ইল্লাল্লা-হ স্বীকার করে। (সহীহুল বুখারী)
৭. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: নিশ্চয়ই আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিযেছেন যে একমাত্র আল্লাহকে সন্তষ্ট করার জন্য লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলবে। (সহীহ মুসলিম)
অনু পরিমাণ ঈমান থাকলেও একসময় জান্নাতে প্রবেশ করবে
১. আনাস ইবনু মালিক (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : এমন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যে লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলেছে এবং তার অন্তরে যবের দানার ওজন পরিমাণও কল্যাণ (ঈমান) থাকবে। এমন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যে লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলেছে এবং তার অন্তরে গমের দানার ওজন পরিমাণও কল্যাণ থাকবে। অতঃপর এমন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যে লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলেছে এবং তার অন্তরে অণু পরিমাণও কল্যাণ থাকবে। (হাদীসটি সহীহ: সহীহুল বুখারী হা/৬৮৬১; সহীহ মুসলিম, হা/৪৯৯, আহমাদ হা/ ১১৭৭২, ১২১৫৩, ১২৭৭২, ১৩৯২৮, ১৩৯২৯, ১৩৫৯০; ইবনু আবূ আসিম আস-সুন্নাহ’ হা/৮০৭; আবূ আওয়ানাহ হা/১/১৮০; ইবনু আবূ শাইবাহ, তিরমিযী হা/২৫৯৩; ইবনু মাজাহ হা/৪৩১২; ইবনু হিব্বান হা/৬৪৬৪; ইবনু মানদাহ আল- ঈমান হা/৮৬২; তায়ালিসি হা/২০১০, আবদ ইবনু হুমাইদ হা/১১৮৭, বায়হাক্বীর আল- আসমা ওয়াস সিফাত এবং আল-ই‘
তিক্বাদ. হাকিম, বাগাভী)
২. আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : মহান আল্লাহ ক্বিয়ামাতের দিন আমার উম্মাতের মধ্য থেকে এক ব্যক্তিকে সমস্ত হাশরবাসীর সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। তিনি তার সামনে ৯৯টি আমলনামার খাতা খুলে ধরবেন। প্রতিটি খাতা দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি এসব আমলনামার কোনো কিছুকে অস্বীকার করো। আমলনামা লিখার কাজে নিয়োজিত আমার ফিরিশতারা কি তোমার উপর কোনো যুলুম করেছে? সে বলবে, না। অতঃপর প্রশ্ন করা হবে, এ সমস্ত গুনাহের পক্ষে তোমার কাছে কোনো ওজর আছে কি? সে বলবে, কোনো ওযর নাই। বলা হবে, তোমার একটি নেকী আমার কাছে রয়েছে। আজ তোমার উপর কোনো যুল্ম করা হবে না। অতঃপর একটি কাগজের টুকরা বের করা হবে, যাতে লিখা থাকবে : আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা হবে, যাও এটাকে ওজন করে নাও। সে আরজ করবে, এতোগুলো দফতরের মোকাবেলায় এই সামান্য কাগজের টুকরা কী কাজে আসবে। বলা হবে, আজ তোমার উপর কোনো যুলুম করা হবে না। অতঃপর ঐ টুকরাটি রাখা হবে। তখন দফতরওয়ালা পাল্লাটির মুকাবিলায় ঐ কাগজের টুকরার পাল্লাটি ওজনে ভারি হয়ে যাবে। আসল কথা হলো, আল্লাহর নামের বিপরীতে কোনো কিছুই ভারি হতে পারে না। (হাদীসটি সহীহ: তিরমিযী হা/২৬৩৯; ইবনু মাজাহ হা/৪৩০০; ইবনু হিব্বান হা/২২৫; বায়হাক্বী, মুস্তাদরাক হাকিম হা/৯)
