প্রকাশিত হয়েছে: ‘৭৫বর্ষ- ১১ম সংখ্যা, মে ২০১৬, রজব-শাবান ১৪৩৭ হিজরী, বৈশাখ-জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ ‘ সংখ্যায়

১. জাবির ইবনু আবদুল্লাহ (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : যে ব্যক্তি ইখলাসের সাথে লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। (হাদিসটি সহীহ:ইবনু হিব্বান হা/২০১; আবূ নুআইম হিলয়্যা ৭/৩১২; মুআয (রা:) হতে, সহীহ জামিউস সাগীর ২/৬৪৩৩; সিলসিলাহ সহীহাহ হা/২৩৫৫; হায়সামী, মাজমাউয যাওয়ায়িদ, হা/১৬)

২. মুআয (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : যে ব্যক্তি খালিস অন্তরে ইখলাসের সাথে লা- ইলা-হা ইল্লাল্লা-হ এর সাক্ষ্য দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। (ইবনু হিব্বান, আবূ নু আইম, আহমদ। এর সানাদ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ। সিলসিলাহ সহীহাহ্ হা/২৩৫৫)

৩. ইতবান বিন মালিক (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন: যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলবে, ক্বিয়ামাতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে, তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে। (মুসনাদে আহমাদ হা/১৬৪৮২, সহীহুল বুখারী, সহীহ মুসলিম, বায়হাক্বীর আসমা ওয়াস সিফাত ও দুররে মানসূর)

৪. ইবনু উমার (রা:) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম তাকে বললেন: লোকদের মাঝে ঘোষণা দাও : যে ব্যক্তি ইখলাসের সাথে এ সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই – সে জান্নাতে প্রবেশ করবে। (বাযযার, সহীহ জামিউস সাগীর হা/৮৫১)

৫. আনাস (রা:) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : ক্বিয়ামাতের দিন মহান আল্লাহ বলবেন : হে মুহাম্মাদ! আল্লাহর সৃষ্টির মধ্য হতে তোমার উম্মাতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও যে ইখলাসের সাথে একদিন হলেও এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপরই মৃত্যুবরণ করেছে। (মুসনাদে আহমাদ হা/১২৮২৪, সহীহ আত-তারগীর হা/৩৬৩৯)

৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম বলেছেন : ক্বিয়ামাতের দিন আমার শাফাআত পাওয়ার ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান হবে ঐ ব্যক্তি যে অন্তর থেকে ইখলাসের সাথে লা- ইলা-হা ইল্লাল্লা-হ স্বীকার করে।(সহীহুল বুখারী)

৭. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তায়ালা ঐ ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিযেছেন যে একমাত্র আল্লাহকে সন্তষ্ট করার জন্য লা- ইলা-হা ইল্লাল্লা-হ বলবে।”
(সহীহ মুসলিম)