প্রকাশিত হয়েছে: ‘৭৭বর্ষ- ৩য় সংখ্যা, সেপ্টেম্বর ২০১৭, জিলকদ-জিলহজ ১৪৩৮-৩৯ হিজরী, ভাদ্র-আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ’ সংখ্যায়

মুর্হরাম মাস ইসলামী পঞ্জিকার প্রথম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম -এর সময়ে ও তার পূর্বে রোমান, পারসিয়ান ও অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার বা পঞ্জিকা প্রচলিত ছিল। আরবদের মধ্যে কোনো নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতি ছিল না। বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারিখ বলা হতো। যেমন, অমুক ঘটনার অত বৎসর পরে…। খলীফা উমারের (রা) খিলাফতের তৃতীয় বা চতুর্থ বৎসর আবূ মূসা আশআরী (রা) তাঁকে পত্র লিখে জানান যে, আপনার সরকারী ফরমানগুলিতে সন-তারিখ না থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দেয়; এজন্য একটি বর্ষপঞ্জি ব্যবহার প্রয়োজন।

খলীফা উমার (রা) সাহাবীগণকে একত্রিত করে পরামর্শ চান। কেউ কেউ রোম বা পারস্যের পঞ্জিকা ব্যবহার করতে পরামর্শ দেন। কিন্তু অন্যরা তা অপছন্দ করেন এবং মুসলিমদের জন্য নিজস্ব পঞ্জিকার প্রয়োজনীয়তার কথা বলেন। এ বিষয়ে কেউ কেউ পরামর্শ দেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মীলাদ বা জন্ম থেকে সাল গণনা শুরু করা হোক। কেউ কেউ তাঁর নুবুওয়াত থেকে, কেউ কেউ তাঁর হিজরত থেকে এবং কেউ কেউ তাঁর ওফাত থেকে বর্ষ গণনার পরামর্শ দেন। হযরত আলী (রা) হিজরত থেকেই সাল গণনার পক্ষে জড়ালো পরামর্শ দেন। খলিফা উমার (রা) এ মত সমর্থন করে বলেন যে, হিজরতই হক্ক ও বাতিলের মধ্যে পার্থক্যের সূচনা করে; এজন্য আমাদের হিজরত থেকেই সাল গণনা শুরু করা উচিত। অবশেষে সাহাবীগণ হিজরত থেকে সাল গণনার বিষয়ে একমত পোষণ করেন।

কোন মাস থেকে বর্ষ গণনা শুরু করতে হবে সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়। কেউ কেউ রবিউল আউয়াল মাসকে বৎসরের প্রথম মাস হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন; কারণ রাসূলুল্লাহ এ মাসেই হিজরত করে মদীনায় আগমন করেন। ১২ই রবিউল আউয়াল তিনি মদীনায় পৌঁছান। কেউ কেউ রামাদান থেকে বর্ষ শুরুর পরামর্শ দেন; কারণ রামাদান মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন। সর্বশেষ তাঁরা মুর্হারাম মাস থেকে বর্ষ শুরুর বিষয়ে একমত হন; কারণ এ মাসটি ৪টি ‘হারাম’ বা সম্মানিত মাসের একটি। এছাড়া ইসলামের সর্বশেষ রুকন হজ্জ পালন করে মুসলিমগণ এ মাসেই দেশে ফিরেন। হজ্জ পালনকে বৎসরের সর্বশেষ গুরুত্বপূর্ণ কর্ম ধরে মুর্হারাম মাসকে নতুন বৎসরের শুরু বলে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের প্রায় ৬ বৎসর পরে ১৬ বা ১৭ হিজরী সাল থেকে সাহাবীগণের ঐক্যমত্যের ভিত্তিতে হিজরী সাল গণনা শুরু হয়। যদিও হিজরত রবিউল আউয়াল মাসে সংঘটিত হয়, তবু দুমাস এগিয়ে, সে বৎসরের মুর্হারাম থেকে বর্ষ গণনা শুরু হয়।(তাবারী, আত-তারীখ ২/৩-৪; ইবনুল জাওযী, আল-মানতাযিম ২/১)

অত্যন্ত দুঃখজনক বিষয় যে, আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম আমাদের ধর্মীয় এ পঞ্জিকার বিষয়ে কোনোই খোজ রাখি না। এমনকি আজ কত হিজরী সাল তা অধিকাংশ ধার্মিক মুসলিম বলতে পারবেন না। আমরা যে ‘ইংরেজি সাল’ ব্যবহার করি তা মোটেও ‘ইংরেজি’ নয়; বরং তা খৃস্টধর্মীয়। যীশুখৃষ্টের প্রায় ১৬০০ বৎসর পরে ১৫৮২ খৃষ্টাব্দে পোপ অষ্টম গ্রেগরী তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার (ঔঁষরধহ পধষধহফবৎ) সংশোধন করে যীশুখৃষ্টের জন্মকে সাল গণনার শুরু ধরে এ পঞ্জিকা প্রচলন করেন, যা গ্রেগরীয়ান ক্যালেন্ডার (এৎবমড়ৎরধহ পধষবহফবৎ) ও খৃষ্টীয়ান ক্যালেন্ডার (ঈৎরংঃরধহ পধষবহফবৎ) নামে পরিচিত। যীশুখৃষ্টকে প্রভু ও উপাস্য হিসেবে বিশ্বাসের ভিত্তিতে এতে বৎসরকে বলা হয় আন্নো ডোমিনি (ধহহড় ফড়সরহর) বা এ. ডি (অউ)। এর অর্থ আমাদের প্রভুর বৎসরে (রহ ঃযব ুবধৎ ড়ভ ড়ঁৎ খড়ৎফ)। শুধু জাগতিক প্রয়োজনেই নয়, জীবনের সকল কিছুই আমরা এ খৃষ্টধর্মীয় পঞ্জিকা অনুসারে পালন করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ও সঠিক পথে পরিচালিত করুন।

ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা একটি নতুন বৎসর শুরু করতে যাচ্ছি। নতুনের মধ্যে আমরা পরিবর্তনের আশা ও কামনা অনুভব করে আনন্দিত হই। তবে আমাদের বুঝতে হবে যে, মানুষের জীবনে প্রতিটি দিনই নবজীবন। মহান আল্লাহ বলেন:
“তিনিই রাত্রিকালে তোমাদের মৃত্যুঘটান এবং দিনে তোমরা যা কর তিনি তা জানেন। অতঃপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তোলেন যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়। (সূরা আনআম; ৬০ আয়াত)

এজন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম) আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, প্রতিদিন ভোরে যা কর মহান আল্লাহর দরবারে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও শুকরিয়া জানিয়ে, পরিবর্তনের আকুতি ও সফলতা ও বরকতের প্রার্থনা করে নতুন জীবনের শুরু করতে হবে। আর প্রতিদিন শয়নের সময় ক্ষমা ও রহমতের প্রার্থনা করে মহান আল্লাহর করুণাময় আয়ত্বে নিজের আত্মাকে সমর্পনের দুআ পাঠের সাথে ঘুমিয়ে পড়তে হবে।

আমরা অনেকে নববর্ষের শুভেচ্ছা বা শুভ কামনা জানাই। বস্তুত কামনা বা শুভেচ্ছা নয়, দুআ হলো ইসলামী রীতি। শুভেচ্ছা অর্থ আমাদের মনের ভাল ইচ্ছা। আর মানুষের কামনা বা ইচ্ছার মূল্য কী? মূল্য তো মহান আল্লাহর ইচ্ছার। এজন্য তাঁর দরবারে দুআ করতে হবে নতুন বছরের সফলতা জন্য। এছাড়া অন্তসারশূন্য ইচ্ছা বা কামনা কোনো পরিবর্তন আনে না; বরং পরিবর্তনের সুদৃঢ় সংকল্প, নতুন বছরকে নতুনভাবে গড়ার সুদৃঢ় ইচ্ছা ও কর্মই পরিবর্তন আনে। কুরআন ও হাদীসের নির্দেশনা থেকে আমরা জানি যে, সৃষ্টির সেবা ও মানুষের উপকারই জাগতিক জীবনে মহান আল্লাহর রহমত ও বরকত লাভের অন্যতম উপায়। অনুরূপভাবে মানুষের ক্ষতি করা বা ব্যক্তি বা সমাজের অধিকার নষ্ট করা আল্লাহর গযব ও শাস্তি লাভের অন্যতম কারণ। আসুন আমরা সকলে মহান আল্লাহর নির্দেশ মত তাঁর ইবাদাত ও আনুগত্যের মাধ্যমে, মানুষের অধিকার আদায় ও ক্ষতি থেকে বিরত থাকার মাধ্যমে নতুন বছরের সূচনা করি। মহান আল্লাহ আমাদের তাওফীক দিন।
মুর্হারাম মাস “হারাম” মাসগুলির অন্যতম। ইসলামী শরীয়তে যুলকাদ, যুলহাজ্জ, মুর্হারাম ও রজব- এ ৪টি মাসকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে। এগুলি ‘হারাম’ অর্থাৎ ‘নিষিদ্ধ’ বা ‘সম্মানিত’ মাস বলে পরিচিত। এ সকল মাসে সকল প্রকার পাপ ও অন্যায় থেকে বিরত থাকতে ও অধিক নেক আমল করতে নির্দেশ প্রদান করা হয়েছে কুরআন ও হাদীসে। এ ৪ মাসের মধ্যে মুর্হারাম মাসকে বিশেষভাবে মর্যাদা প্রদান করে একে ‘আল্লাহর মাস’ বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদীস থেকে আমরা জানতে পারি যে, মুর্হারাম মাসের নফল রোযার সাওয়াব অন্য সকল নফল রোযার সাওয়াবের চেয়ে বেশি। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ

“রামাদানের পরে সবচেয়ে বেশি ফযীলতের সিয়াম হলো আল্লাহর মাস মুর্হারামের সিয়াম।” (বুখারী, আস-সহীহ, ২/৭০৪, ৪/১৭২২; মুসলিম, আস-সহীহ ২/৭৯৬)

মুর্হারাম মাসের ১০ তারিখকে ‘আশূরা’ বলা হয়। বিশেষভাবে এ দিনটির সিয়াম পালনের উৎসাহ ও নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলী যুগে মক্কার মানুষেরা আশূরার দিন সিয়াম পালন করত এবং কাবা ঘরের গেলাফ পরিবর্তন করত। হিজরতের পূর্বে মক্কায় অবস্থান কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ দিন সিয়াম পালন করতেন। মদীনায় হিজরতের পরে তিনি এ দিনে সিয়াম পালনের জন্য মুসলিমদেরকে নির্দেশ দেন। এ বিষয়ে ইবনু আব্বাস (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় এসে দেখেন যে, ইহুদীরা আশূরার দিনে সিয়াম পালন করে। তিনি তাদেরকে বলেন, এ দিনটির বিষয় কি যে তোমরা এ দিনে সিয়াম পালন কর? তারা বলেন, এটি একটি মহান দিন। এ দিনে আল্লাহ মূসা (আ) ও তার জাতিকে পরিত্রান দান করেন এবং ফিরআউন ও তার জাতিকে নিমজ্জিত করেন। এজন্য মূসা কৃতজ্ঞতা-স্বরূপ এ দিন সিয়াম পালন করেন। তাই আমরা এ দিন সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসার (আ) বিষয়ে আমাদের অধিকার বেশি। এরপর তিনি এ দিবস সিয়াম পালন করেন এবং সিয়াম পালন করতে নির্দেশ প্রদান করেন। (বুখারী, আস-সহীহ, ২/৭০৪, ৪/১৭২২;মুসলিম, আস-সহীহ ২/৭৯৬)

রামাদানের সিয়াম ফরয হওয়ার পূর্ব পর্যন্ত আশূরার সিয়াম ফরয ছিল। রামাদানের সিয়াম ফরয হওয়ার পর আশূরার সিয়াম মুস্তাহাব পর্যায়ের ঐচ্ছিক ইবাদাত বলে গণ্য করা হয়। তা পালন না করলে কোনো গোনাহ হবে না, তবে পালন করলে রয়েছে অফুরন্ত সাওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ
“আমি আশা করি, আশূরার সিয়াম-এর কারণে আল্লাহ পূর্ববর্তী বৎসরের কাফ্ফারা করবেন। (মুসলিম, আস-সহীহ ২/৮১৮)

অন্য একটি কারণে ‘আশূরা’ মুসলিম উম্মাহর মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে, তা হলো কারবালার ঘটনা। অনেকে ‘আশূরা’ বলতে কারবালার ঘটনাই বুঝেন, যদিও ইসলামী শরীয়তে আশূরার সিয়াম বা ফযীলতের সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে ঐতিহাসিক ঘটনা হিসাবে কারবালার ঘটনা পর্যালোচনা করা আমাদের জন্য অতীব প্রয়োজন। উম্মাতের জন্য এ ঘটনা ছিল অত্যন্ত হৃদয় বিদারক বেদনাদায়ক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওফাতের মাত্র ৫০ বৎসর পরে ৬১ হিজরী সালের মুর্হারাম মাসের ১০ তারিখ শুক্রবার ইরাকের কারবালা নামক স্থানে তাঁরই উম্মাতের কিছু মানুষের হাতে নির্মমভাবে শহীদ হন তাঁরই প্রিয়তম দৌহিত্র হযরত হুসাইন ইবনু আলী (রা)। এ ঘটনা মুসলিম উম্মাহর মধ্যে চিরস্থায়ী বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। অনেক মিথ্যা ও ভিত্তিহীন কাহিনী এ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে ছড়ানো হয়েছে। যেগুলির বিস্তারিত আলোচনা এ পরিসরে সম্ভব নয়। এখানে আমরা নির্ভরযোগ্য প্রাচীন ইতিহাসগ্রন্থের আলোকে ইমাম হুসাইনের শাহাদাতের ঘটনা সংক্ষেপে আলোচনা করব। তার আগে আমরা এর প্রেক্ষাপট বুঝতে চেষ্টা করব।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনের সময় সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল মূলত বংশতান্ত্রিক। রাষ্ট্রের মালিক রাজা। তার অন্যান্য সম্পদের মতই রাষ্ট্রীয় মালিকানাও লাভ করবে তার বংশধরেরা। রাজ্যের সকল সম্পদ-এর মত জনগণও রাজার মালিকানাধীন। রাজা নির্বাচন বা রাজ্যপরিচালনা বিষয়ে তাদের কোনো মতামত প্রকাশের সুযোগ বা অধিকার নেই। রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শ-ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এ ব্যবস্থার দু্িট বিশেষ দিক ছিল (১) রাজা ও প্রজার সম্পর্ক মালিক ও অধীনস্থের নয়, বরং মালিক ও ম্যানেজারের। তবে মালিক রাজা নন। রাষ্ট্রের মালিক জনগণ। রাজা তাদের খলীফা বা প্রতিনিধি বা ম্যানেজার হিসেবে তা পরিচালনা করবেন। জনগণই তাকে মনোনিত করবেন এবং জনগণ তাকে সংশোধন বা অপসারন করবেন। (২) রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা একটি জাগতিক কর্ম এবং তা জনগণের কর্ম। জনগণের পরামর্শের ভিত্তিতে তা সম্পন্ন হবে। পরামর্শের ধরন নির্ধারিত নয়। যুগ, দেশ ও জাতির অবস্থা অনুসারে তা পরিবর্তিত হতে পারে।

এ ব্যবস্থার আওতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মনোনিত না করে উম্মাতকে সরাসরি নির্বাচনের মুখোমুখি রেখে যান। আবূ বকর (রা) নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে উমার (রা)-কে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিয়ে যান। উমার (রা) ৬ জনের একটি কমিটিকে মনোনয়ন দেন, যারা জনগণের পরামর্শের ভিত্তিতে তাঁদের মধ্য থেকে উসমানকে (রা) মনোনয়ন দেন। উসমান (রা)-এর শাহাদতের পরে মদীনার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শের মাধ্যমে আলী (রা)-কে শাসক মনোনিত করেন। আলী (রা) তাঁর ইন্তেকালের পূর্বে তাঁর পুত্র হাসান (রা)-কে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন।

৪০ হিজরীর রামাদান মাসে আলীর (রা) ওফাতের পর হাসান (রা) খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। গৃহযুদ্ধ বন্ধ করার জন্য ৬ মাস পরে তিনি মুআবিয়ার (রা) পক্ষে খিলাফতের দায়িত্ব পরিত্যাগ করেন এবং মুআবিয়া (রা) সর্বসম্মতভাবে খলীফা হন। ২০ বৎসর সুষ্ঠু রাষ্ট্রপরিচালনার পর ৬০ হিজরী সালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি তাঁর পুত্র ইয়াযিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দেন। তাঁর মৃত্যুর পরে ইয়াযিদ খিলাফতের দায়িত্ব দাবি করলে তৎকালীন মুসলিম রাষ্ট্রের অধিকাংশ এলাকার মানুষ তা মেনে নেন। পক্ষান্তরে মদীনার অনেক মানুষ, ইরাকের মানুষ এবং বিশেষত কুফার মানুষেরা তা মানতে অস্বীকার করেন।

কুফার মানুষেরা আলীর (রা) দ্বিতীয় পুত্র ইমাম হুসাইনকে (রা) খলীফা হিসেবে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেন। এ সময়ে ইমাম হুসাইন (রা) মদীনায় অবস্থান করছিলেন। এরপর তিনি মদীনা থেকে মক্কায় আগমন করেন। কুফার লক্ষাধিক মানুষ তাঁকে খলীফা হিসাবে বাইয়াত করে পত্র প্রেরণ করে। তারা দাবি করে যে সুন্নাত পুনরুজ্জীবিত করতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তাঁর দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। মদীনা ও মক্কায় অবস্থানরত সাহাবীগণ ও ইমাম হুসাইনের প্রিয়জনেরা তাকে কুফায় যেতে নিষেধ করেন। তাঁরা আশঙ্কা করছিলেন যে ইয়াযিদের পক্ষ থেকে বাধা আসলে ইরাকবাসীরা হুসাইনের পিছন থেকে সরে যাবে। সবশেষ হুসাইন (রা) কুফা গমনের সিদ্ধান্ত নেন। তিনি তাঁর পরিবারের ১৯ জন সদস্যসহ প্রায় ৫০ জন সঙ্গী নিয়ে কুফায় রওয়ানা হন।

ইয়াযিদের নিকট এ খবর পৌঁছালে তিনি কুফার গভর্নর নু’মান ইবনু বাশীর (রা)-কে পদচ্যুত করে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনু যিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন। তিনি তাকে নির্দেশ দেন অবিলম্বে কুফায় যেয়ে দায়িত্ব গ্রহণ করতে এবং হুসাইন যেন কুফায় প্রবেশ করতে না পারেন সে ব্যবস্থা করতে। উবাইদুল্লাহ কুফায় পৌঁছে কঠোর হস্তে কুফাবাসীকে দমন করে। এরপর ৪ হাজার যোদ্ধার এক বাহিনী প্রেরণ করে হুসাইনকে (রা) প্রতিরোধ করতে। উবাইদুল্লাহর বাহিনী হুসাইনকে কারবালার প্রান্তরে অবরোধ করে। হুসাইন (রা) তাদেরকে বলেন, আমি তো যুদ্ধ করতে আসি নি। তোমরা আমাকে ডেকেছ বলেই আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বাইয়াত ও প্রতিজ্ঞা পরিত্যাগ করেছ। তাহলে আমাদেরকে ছেড়ে দাও আমরা মদীনায় ফিরে যাই, অথবা সীমান্তে যেয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অথবা সরাসরি ইয়াযিদের কাছে যেয়ে তার সাথে বুঝাপড়া করি। উবাইদুল্লাহ প্রথমে প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শিমার নামক তার এক সহচর বলে, যদি হুসাইনকে বাগে পেয়েও তুমি তাকে হত্যা না করে ছেড়ে দাও তবে তোমার পদোন্নতির সব সুযোগ শেষ হয়ে যাবে। তখন সে হুসাইন (রা)-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তাকে হত্যার নির্দেশ দেয়।

আশূরার দিন সকাল থেকে উবাইদুল্লাহর বাহিনী হুসাইন (রা)-এর সাথীদের উপর আক্রমন চালাতে থাকে। পার্শবর্তী নদী থেকে পানি গ্রহণে তারা তাঁদেরকে বাধা দেয়। তাদের আক্রমনে তাঁর পরিবারের দুগ্ধপোষ্য শিশু, কিশোর ও মহিলাসহ অনেকে নিহত হন। হুসাইন (রা) তাঁর পুরুষ সাথীদের নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। পর্যায়ক্রমে তাঁর সাথীরা সকলেই নিহত হন। তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন। এক পর্যায়ে সিনান নাখয়ী নামক এক ইয়াযিদ-সৈনিক তাকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তখন সিনান নিজে বা খাওলী নামক অন্য এক সৈন্য বা শিমার তাঁকে আঘাত করে তাঁর মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে তাকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উবাইদুল্লাহ বিন যিয়াদ হুসাইনের (রা) মস্তক ও তাঁর পরিবারের জীবিত সদস্যদেরকে দামেশকে ইয়াযিদের নিকট প্রেরণ করে। ইয়াযিদ বাহ্যিক দুঃখ প্রকাশ করে বলে, আমি তো হুসাইনকে কুফা প্রবেশে বাধা দিতে নির্দেশ দিয়েছিলাম, তাকে হত্যা করতে নির্দেশ দিই নি। এরপর সে হুসাইনের পরিবার পরিজনকে মদীনায় প্রেরণ করে। (তাবরী, আত-তারীখ ৩/২৯৪-৩০৪; যাহাবী , সিয়ারু আলামিন নুবালা ৩/২৪৫-৩২১।)

কারবালার এ নারকীয় ও হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত বিবরণ এখন সম্ভব নয়। এ ঘটনার মূল্যায়নে অনেক বিভ্রান্তি রয়েছে। বিশেষত ইসলামের বিশ্বজনীনতা অনুভবে অক্ষম এক শ্রেণীর মানুষ দাবি করেন যে, ইসলাম একটি বংশতান্ত্রিক রাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রদান করেছে। এ ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরে শাসন ক্ষমতার অধিকার তাঁর বংশধরদের বা আলী (রা) ও তাঁর বংশধরদের। এরা নিজদেরকে “শিয়া” বা আলীর অনুসারী বলে দাবি করেন। এরা হুসাইনের শাহাদাতের জন্য সাহাবীগণকে দায়ী করে, ঢালাওভাবে সাহাবীগণকে গালি দেয় এবং তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে। অন্য অনেকে ইয়াযিদের অন্যায়ের জন্য তার পিতা মুআবিয়া (রা)-কে দায়ী করেন এবং দাবি করেন যে, তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইয়াযিদকে মনোনয়ন দিয়েছিলেন।

এ সকল চিন্তা সবই প্রকৃত ইতিহাস এবং কুরআন ও সুন্নাহ সর্ম্পকে অজ্ঞতার ফল। কারবালার ঘটনার জন্য কোনো সাহাবীই দায়ী নন। পক্ষান্তরে আমরা ইতোপূর্বে দেখেছি যে, ইসলামী ব্যবস্থায় পূর্ববর্তী শাসক কাউকে মনোনয়ন না দিয়ে বিষয়টি জনগণের ইচ্ছার উপর ছেড়ে দিতে পারেন। অথবা জনগণের পরামর্শ ও স্বীকৃতির ভিত্তিতে যোগ্য কাউকে মনোনয়ন দিতে পারেন। সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করা হয় নি; কারণ সবচেয়ে যোগ্য নির্ণয়ে সমাজে অকারণ সংঘাত তৈরি করে। ইসলামে জনগণের পরামর্শ ও স্বীকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরামর্শ ও স্বীকৃতি থাকলে নিজ পুত্র বা বংশের কাউকে পরবর্তী শাসক হিসেবে মনোনয়ন দিতে কোনোভাবে নিষেধ করা হয় নি। মূলত বিষয়টি দেশ, কাল ও সমাজের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মুআবিয়া (রা) ইসলামী ব্যবস্থার ব্যতিক্রম কিছু করেন নি। ইয়াযিদের অন্যায়ের জন্য তিনি দায়ী নন।

অন্য অনেকে মনে করেন, ইমাম হুসাইন বংশতন্ত্র উৎখাতের জন্য অথবা ইয়াযিদের জালিম সরকার উৎখাতের জন্য কারবালায় যুদ্ধ করতে গিয়েছিলেন। এরূপ চিন্তাও কুরআন, সুন্নাহ, সাহাবীগণের কর্মধারা ও কারবালার ঘটনা সম্পর্কে বিস্তারিত জ্ঞানের অভাব প্রকাশ করে। বংশতন্ত্রের কারণে কেউই ইয়াযিদের বিরুদ্ধে আপত্তি করেন নি। যারা আপত্তি করেছিলেন তারা তার ব্যক্তিগত যোগ্যতার বিষয় ভেবে আপত্তি করেছিলেন। মুআবিয়া (রা)-এর ওফাতের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের পদ খালি হয়। মুআবিয়া (রা)জীবিত থাকতেই তার পুত্র ইয়াযিদের মনোনয়ন দেন। কিন্তু এরূপ মনোনয়ন কার্যকর হয় মনোনিত ব্যক্তির ক্ষমতাগ্রহণে নাগরিকদের স্বীকৃতির মাধ্যমে। এ সময়ে অনেকে ইয়াযিদকে মেনে নিয়েছেন। কিন্তু কুফাবাসীরা ইমাম হুসাইনকে রাষ্ট্রপ্রধান হিসেবে বাইয়াত করে তার নেতৃত্বে পরিপূর্ণ সুন্নাত প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার দাবি জানান। হুসাইন তাদের ডাকে সাড়া দিয়ে কুফায় যাচ্ছিলেন। ইমাম হুসাইন ইয়াযিদের বিরুদ্ধে যুদ্ধে বের হন নি। তিনি এ জন্য কোনো সেনাবাহিনীও তৈরি করেন নি। তিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কুফায় গমন করছিলেন। কুফাবাসীদের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেলে তিনি মদিনায় ফিরে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু ইয়াযিদের বাহিনী তাকে যুদ্ধ করতে বাধ্য করে। তিনি নিজের ও পরিবারের সম্ভ্রম ও অধিকার রক্ষায় যুদ্ধ করে শহীদ হন।
শীয়া সম্প্রদায়ের মানুষেরা কারবালার ঘটনার শোক প্রকাশের নামে প্রতি বৎসর আশূরার দিনে শোক, মাতম, তাযিয়া ইত্যাদির আয়োজন করে। এগুলি সবই ইসলাম বিরোধী কর্ম। আলী, ফাতিমা, হাসান, হুসাইন (রা)-সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবার বা আহলে বাইতকে মহব্বত করা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাদের কষ্টে আমরা ব্যথিত এবং তাদের যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি আমাদের ঘৃণা অপরিসীম। পাশাপাশি সাহাবীগণের মর্যাদা ও ভালবাসা কুরআন ও হাদীসের নির্দেশ অনুসারে আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কাজেই নবী-বংশের ভালবাসার নামে শুধুমাত্র ধারণা বা ইতিহাসের ভিত্তিহীন কাহিনীর উপর নির্ভর করে সাহাবীগণ বা কোনো একজন সাহাবীর প্রতি বিরক্তি প্রকাশ আমাদের ঈমানের জন্য ধ্বংসাত্মক।

কারবালার ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। বিস্তারিত আলোচনা আর সম্ভব নয়। তবে আমরা বুঝতে পারি যে, দুনিয়ার সাময়িক জয় বা পরাজয় দিয়ে চূড়ান্ত ফলাফল বিচার করা যায় না। ইয়াযিদের বাহিনী কারবালায় বাহ্যিক বিজয় লাভ করলেও তারা মূলত পরাজিত হয়। হুসাইনের হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুখতার সাকাফীর বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। মাত্র ৪ বছরের মধ্যে ইয়াযিদ মৃত্যু বরণ করে এবং তার পুত্র মুআবিয়াও কয়েক দিনের মধ্যে মৃত্যু বরণ করেন। এরপর আর কোনোদিন তার বংশের কেউ শাসক হয় নি। দুনিয়ার জয়-পরাজয়, সফলতা-ব্যর্থতা, ক্ষমতা বা শক্তি দিয়ে মহান আল্লাহর কবুুলিয়্যাত মাপা যায় না। সত্যকে আঁকড়ে ধরা এবং সত্যের পথে সকল বিপদ ও কষ্ট অকাতরে মেনে নেওয়াই মুমিনের দায়িত্ব। মহান আল্লাহ আমাদেরকে তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফীক দান করুন। আমীন।